ডা. জাফরুল্লাহ আগের চেয়ে ভাল বোধ করছেন
ডা. জাফরুল্লাহ চৌধুরী -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৭:৫৪
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণের মাত্রা আরও কমেছে। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তার নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে বুধবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিভাইড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনা পজিটিভ আসে। এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।