ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আবেগঘন শোকসভায় উদীচী স্মরণ করল অধ্যাপক বদিউরকে

আবেগঘন শোকসভায় উদীচী স্মরণ করল অধ্যাপক বদিউরকে
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ২২:৩১

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আবেগঘন নাগরিক শোকসভায় শুক্রবার অধ্যাপক বদিউর রহমানকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনের সভাপতি, গবেষক, প্রাবন্ধিক ও সাহিত্যিক বদিউর রহমান শুধু উদীচীর অগ্রপথিক ছিলেন না, তিনি ছিলেন এক সৃজনশীল চেতনার দীপশিখা। তিনি সংস্কৃতির ভেতর দিয়েই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন। ঘুরেফিরে এসব কথাই উঠে আসে শোকসভায়।

শোকসভা শুরু হয় পিনপতন নীরবতায়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদেরও স্মরণ করা হয় এই নীরবতা পালনের মধ্য দিয়ে। মিলনায়তনের বাইরে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বদিউর রহমানের পরিবার, উদীচীর কেন্দ্রীয় ও মহানগর শাখার প্রতিনিধি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, চারণ, কেন্দ্রীয় খেলাঘর আসরসহ অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

গান, নৃত্য ও কবিতার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজনের দ্বিতীয় পর্ব। ‘দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক’, ‘জাগো সত্যের শুভ্র আলোকে’ ও ‘আগুনের পরশমণি’– এই তিনটি সম্মেলক গান পরিবেশন করেন উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা। এর পর ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’ গানের সঙ্গে এক গভীর আবেগময় দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিম। অধ্যাপক বদিউর রহমানের জীবন ও কর্ম পাঠ করেন ড. রতন সিদ্দিকী। এরপর স্মৃতিচারণে অংশ নেন তাঁর সহযোদ্ধা, ছাত্র ও সাংস্কৃতিক সহকর্মীরা– ড. সারওয়ার আলী, আখতার হুসেন, আনোয়ার হোসেন, রেজাউল করিম সিদ্দিক রানা, মোফাখখারুল ইসলাম জাপান, মোহাম্মদ শাহ আলম, এম এম আকাশ, সৈয়দ আজিজুল হক মাসুম, অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, তপন বাগচী, কামরুজ্জামান ভূঁইয়া, প্রণয় সাহা, ডা. লেলিন চৌধুরী, সুখেন রায়, শংকর সাওজাল, জাকির হোসেন বাচ্চু, হাসান মাসুদ, খান আসাদুজ্জামান মাসুম, বাহাউদ্দিন শুভ এবং বদিউর রহমানের বড় মেয়ে সুপা সাদিয়া।

বক্তাদের বক্তব্যে উঠে আসে অধ্যাপক বদিউর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক। তিনি শুধু একজন মানুষ ছিলেন না, ছিলেন এক আন্দোলনের প্রতীক। তাঁর আদর্শ, তাঁর স্বপ্ন বেঁচে থাকবে উদীচীর কণ্ঠে, শিল্পে ও সংগ্রামের ধারায়।

শোকসভার শেষ পর্বে উদীচীর শিল্পীরা কবিতা ও গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে ‘উদীচী আমার নাম’ সংগীত পরিবেশনের মাধ্যমে এই নাগরিক শোকসভার পর্দা নামে। ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি পরিচালনা করেন উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

আরও পড়ুন

×