সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই শান্তি প্রতিষ্ঠিত হবে: বন্ধু সমাজ
জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত আলোচনা সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ১৬:১২ | আপডেট: ০২ আগস্ট ২০২৫ | ১৬:১৪
সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেশবাসী যাতে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারে সে লক্ষ্যে সকল পক্ষকে সাংঘর্ষিক আচরণ পরিহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বন্ধু সমাজ। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ আহ্বান জানান সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন জেলার সভাপতি ও কর্মীরা।
বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এফ আহমেদ খান রাজীব। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে আগামী সংসদ নির্বাচনে কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো ভাই যেন তার ভাইকে না হারান।
তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে আয়োজনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রাপ্তির প্রত্যাশায় এবং দেশবাসীর মাঝে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বন্ধু সমাজ হচ্ছে সকল পক্ষের সেতুবন্ধন। জাতীয় সামাজিক সংগঠন হিসেবে ৬৪ জেলায় কমিটি গঠনের লক্ষ্যে এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের বগুড়া জেলার সভাপতি প্রফেসর ড. শহিদ মঞ্জু, রাজশাহী জেলার সভাপতি মো. হাবিবুর রহমান, ড. শরীফ সাকী, শিহাব রিফাত আলম, খোরশেদ আলম খুশু, সাইদুর রহমান সাইদ, অধ্যাপক আলী আকবর, জুলহাস চৌধুরী পলাশ, কে সি. পাল থোকন প্রমুখ।
প্রফেসর ড. শহিদ মঞ্জু বলেন, পক্ষ-বিপক্ষের মতপার্থক্যের বিরোধ মীমাংসা পরস্পরের মাঝে সম্পর্ক উন্নয়নে উৎসাহিত করে।
- বিষয় :
- শান্তি আলোচনা
- সম্প্রীতি বাংলাদেশ
- বন্ধুত্ব
