ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ

কোল্ডস্টোরেজ গেটে আলুর কেজি ২২ টাকা, সরকার কিনবে ৫০ হাজার টন

কোল্ডস্টোরেজ গেটে আলুর কেজি ২২ টাকা, সরকার কিনবে ৫০ হাজার টন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ২০:৫৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ | ২২:৩৮

দেশের আলু বাজারে দীর্ঘদিন ধরেই চলছে অস্থিরতা। মৌসুমে ব্যাপক উৎপাদন হলেও বাজারে দাম পড়ে নেমেছে উৎপাদন খরচের নিচে। এতে ক্ষতির মুখে পড়েছেন দেশের আলু চাষিরা। এ পরিস্থিতিতে কৃষকের স্বার্থ রক্ষা এবং বাজারে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সরকার কোল্ডস্টোরেজ গেটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ আলু হিমাগারে ওঠানো বা বিক্রির ক্ষেত্রে এই দামের নিচে কেনা-বেচা করা যাবে না।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, চাষিদের লোকসান ঠেকাতে এবং বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সরাসরি বাজারে প্রবেশ করছে। এর অংশ হিসেবে সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে দেশের বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করা হবে। অক্টোবর ও নভেম্বর মাসে এই আলু বাজারে ছাড়া হবে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্যমূল্য নির্ধারণে প্রধান উপদেষ্টার নির্দেশে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং সদস্য হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবরা। বাজার পরিস্থিতি বিশ্লেষণ এবং চাষিদের সমস্যার প্রেক্ষাপট পর্যালোচনা করে তারা সুপারিশ দেন।

মন্ত্রণালয় আরও জানায়, শুধু ন্যায্যমূল্য নির্ধারণ ও আলু ক্রয়ের সিদ্ধান্তেই সীমাবদ্ধ থাকছে না তারা। আগামী মৌসুমে আলু চাষিদের জন্য প্রণোদনা বা সহায়তা প্যাকেজের ঘোষণা দেওয়ার কথাও জানানো হয়েছে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার।
 

আরও পড়ুন

×