ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন দাবিতে কমপ্লিট শাটডাউন, বুয়েটে ক্লাস-পরীক্ষা হয়নি 

পবিপ্রবি ক্যাম্পাসেও তালা

তিন দাবিতে কমপ্লিট শাটডাউন, বুয়েটে ক্লাস-পরীক্ষা হয়নি 
×

ছবি-সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:১৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৪৩

তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গতকাল রোববার তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে বুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। 

গত বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। সেই ধারাবাহিকতায় ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

রোববার বুয়েট ক্যাম্পাসে দেখা যায়, কোথাও ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিভাগগুলোতে কোনো শিক্ষার্থী আসেননি। পুরো ক্যাম্পাস কার্যত ফাঁকা। তবে প্রশাসনিক ভবনসহ অফিসগুলো খোলা। কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেছেন। 
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো– নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা। শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।

তিন দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। পরদিন বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। ব্যবহার করা হয় জলকামান। তখন শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে।

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস
জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছেন কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে ৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের সাড়া না মেলায় শনিবার রাত ১০টা ৩০ মিনিটে একাডেমিক ভবন-১-এ তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ বিষয়ে ডিভিএম ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী অর্জুন দাস বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়নি এবং একাডেমিক কাউন্সিল গঠন করেনি। তাই আমরা পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি। 

এএইচ ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশ ও জরুরি একাডেমিক কাউন্সিল গঠন করতে ব্যর্থ হওয়ায় আমরা এএনএসভিএম অনুষদ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি। যতদিন পর্যন্ত একাডেমিক কাউন্সিল গঠন না হবে, আমাদের শাটডাউন কর্মসূচি চলবে।’

আরও পড়ুন

×