ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সকাল থেকে ঘরের দরজা বন্ধ, ভেতরে পড়ে ছিল স্বামী-স্ত্রীর মরদেহ

সকাল থেকে ঘরের দরজা বন্ধ, ভেতরে পড়ে ছিল স্বামী-স্ত্রীর মরদেহ
×

প্রতীকী ছবি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৮:১৩

রাজশাহীর বাঘায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষের গন্ধ পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে তাঁদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আরিফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৩৮)। তাঁদের কোনো সন্তান ছিল না। মনিরুল ভ্যান চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে ঢুকে শয়নকক্ষে একই খাটের ওপর স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, ‘ঘরে ঢোকার পর তাঁদের মুখে ঘাসমারা বিষের গন্ধ পাওয়া যায়। শয়নকক্ষেও বিষের গন্ধ ছিল।’

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা রাতের কোনো একসময় বিষপান করেছেন। মরদেহের পাশ থেকে তাঁদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।’

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×