রোদ-বৃষ্টির লুকোচুরি থাকবে আরও দুদিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১০:২১ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৩০
মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। আজ সোমবারও থেমে থেমে বৃষ্টি হতে পারে। আবার রোদও দেখা দিতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
রাজধানীতে রোববার রোদ-বৃষ্টির লুকোচুরি ছিল। কখনো আকাশ ভরে যায় মেঘে, আবার কখনো উঁকি দেয় রোদ। মাঝে মাঝে ঝরে বৃষ্টি। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ নিষ্ক্রিয় হলেও, দেশে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে আরও দুই দিন। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
রোববার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। সোমবারও থেমে থেমে বৃষ্টি হতে পারে। আবার রোদও দেখা দিতে পারে। বুধবার ভারতের ওডিশা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। পরে সেটি ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব বাংলাদেশে তেমন পড়েনি। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গত কয়েক দিনে তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছিল।
কোথাও যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি ধরা হয়। আগামী দুই দিনে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
