বিএমইউ–বুয়েটের যৌথ সেমিনারে বক্তারা
রোগ নির্ণয়ে সহায়ক হবে কৃত্রিম বুদ্ধিমত্তা
সেমিনারে বক্তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:০৭
এক্স–রে, সিটি স্ক্যান, এমআরআই কিংবা আল্ট্রাসনোগ্রাফির মতো চিত্রভিত্তিক পরীক্ষাগুলো থেকে রোগ নির্ণয়ে সময় ও নির্ভুল হওয়া দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজে সহায়ক হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই প্রযুক্তি ব্যবহার করে রোগ শনাক্তকরণ আরও সহজ, দ্রুত ও কার্যকর করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার বিশেষায়িত হাসপাতালের বক্তৃতা কক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘এন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেল্ড ওয়েব-অ্যাপ্লিকেশন ফর অ্যাসিসটিভ অনলাইন রিপোর্টিং অফ রেডিওলজিক্যাল ইমেজেস’ শীর্ষক একটি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। যৌথভাবে আয়োজন করে বিএমইউ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। গবেষণায় অর্থায়ন করে বিশ্ব ব্যাংক।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। সভাপতিত্ব করেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক অধ্যাপক ডা. তৌফিক হাসান। তিনি বলেন, রেডিওলজিকাল চিত্র বিশ্লেষণের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা–ভিত্তিক সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে রোগ শনাক্ত করতে পারে। এতে সময় বাঁচে, নির্ভুল হয়য় এবং চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব হয়।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উন্নত প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসাবিজ্ঞানে একটি বিশেষ স্থান দখল করেছে। তবে এর ব্যবহার যেন দেশের প্রেক্ষাপট ও চাহিদা অনুযায়ী উপযোগী হয়, তা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বিএমইউ ও বুয়েট একসঙ্গে কাজ করলে দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে। চিকিৎসক ও প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত প্রযুক্তি সরাসরি রোগীর উপকারে আসবে।
সেমিনারে জানানো হয়, উন্নত বিশ্বের দেশগুলোতে রেডিওলজি প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশেও এই প্রযুক্তির স্থানীয় উন্নয়ন এবং প্রয়োগ চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।
সেমিনারে আরও বক্তব্য দেন বিএমইউ-এর প্রশাসনিক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, গবেষণা ও উন্নয়ন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং ক্লিনিক্যাল ক্যানসারবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন।
