ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কিরগিজস্তানে নিয়ে প্রতারণা, দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি

কিরগিজস্তানে নিয়ে প্রতারণা, দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি
×

কিরগিজস্তান থেকে ফেরত আসা বাংলাদেশিরা। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:০৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২৩

ভালো বেতনের চাকরির আশায় মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ১৮০ বাংলাদেশি। কাজ না পাওয়ার পাশাপাশি নথিপত্রহীন হওয়ায় নির্যাতনের শিকার হয়েছেন তাদের অনেকে।

কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে একটি বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশিদের বুধবার ভোরে ঢাকায় আনা হয়। তৈরি পোশাক ও নির্মাণ খাতে তাদের ভোলো বেতনের কথা বলে দেশটিতে নেওয়া হয়েছিল। 

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, বিদেশে বেশি বেতনের কাজের লোভ দেখিয়ে এই মানুষগুলোকে কিরগিজস্তানে নেওয়া হয়েছিল। অথচ সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, বেতন পাননি, নথিপত্রহীন হয়ে পড়েন। অনেকে ভয়াবহ নির্যাতনের শিকার হন। অনেকের পরিবার মুক্তিপণ দিতেও বাধ্য হয়েছে।

শরিফুল হাসান জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনার পর ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই মানুষদের পাশে ছিল‌। বিমানবন্দরে তাদের অর্থ ও জরুরি সহায়তা দেওয়া হয়। 

ফেসবুকে পোস্টে শরিফুল হাসান লিখেছেন, বিদেশে বিপদে পড়া যে কেউ বা তাদের পরিবার ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারে। আন্তর্জাতিক ও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্র্যাক তাদের সহায়তা ও ফিরিয়ে আনার বিষয়ে কাজ করবে।

আরও পড়ুন

×