কুষ্টিয়ায় ৬ হত্যা
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর
হাসানুল হক ইনু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৩৭
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল আজ সোমবার এ আদেশ দেন।
ট্রাইবুনালের বাকি দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। ইনুর পক্ষে ছিলেন আইনজীবী নাজনীন আক্তার।
এর আগে গত বৃহস্পতিবার ইনুর বিরুদ্ধে জুলাই গণহত্যায় সহযোগিতাসহ আটটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করে প্রসিকিউশন। এরপর শুনানি শুরু হয় ।
শুনানিতে আটটি অভিযোগ উপস্থাপন করেন প্রসিকিউশন। এরপর ইনুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করা হয়। একইসঙ্গে বিচারের মুখোমুখি করার আবেদন করেন। পরে ইনুকে সোমবার হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। সেই ধারাবাহিকতায় হাসানুল হক ইনুকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই জাসদ নেতা।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ছয়জন। একইসঙ্গে আহত হন বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।
