নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ২২:৪২
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে এক হাজার ২০০টি কর্মসূচি নেওয়া হয়েছে।
নিসচার কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে– ২, ৫ ও ১৬ অক্টোবর কাকরাইল মোড়ে এবং ৭ ও ৮ অক্টোবর মৎস্য ভবন মোড়ে রোড ক্যাম্পেইন; ১২ অক্টোবর মহাখালী বাস টার্মিনালে এবং ১৪ অক্টোবর গাবতলী বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন; ১৯-২১ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন আলোচনা সভা; ২২ অক্টোবর সরকারি র্যালিতে অংশগ্রহণ ও দুপুরের পর নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে র্যালি এবং এদিন বিকেলে জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত ও মাগরিরের পর নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার আয়োজন; ২৬ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা; ২৯ অক্টোবর মৎস্য ভবন মোড়ে রোড ক্যাম্পেইন এবং ৩১ অক্টোবর সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।
সংগঠনটির অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে– প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ, চালকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ, ট্রাফিক আইন মানতে রোড ক্যাম্পেইন, সংবাদ সম্মেলন, র্যালি, পোস্টার ও লিফলেট বিতরণ, সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিপজ্জনক বাঁক ও লেভেল ক্রসিংয়ে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন, মোটরসাইকেল চালকদের স্ট্যান্ডার্ড হেলমেট বিতরণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, পরিবহন মালিক ও শ্রমিকদের করণীয় বিষয়ে মতবিনিময়, তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা, প্রশাসনের সঙ্গে মতবিনিময়, নিহত ব্যক্তিদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি।
সংবাদ সম্মেলনের শুরুতে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়। তিনি তাঁর বাবার চিকিৎসার হালনাগাদ তথ্য তুলে ধরে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চান। একই সঙ্গে ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে নিসচার প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে সড়কে শৃঙ্খলা ফেরানো ও দেশের অর্থনৈতিক এই সমৃদ্ধি অর্জনে সব মত পক্ষের রাজনীতিবিদদের সদিচ্ছা জরুরি। এজন্য সরকারকে সব রাজনৈতিক দলকে আস্থায় আনতে হবে এবং আমাদের জোর দাবি রাজনৈতিক দলগুলোও যেন তাদের আগামী নির্বাচনী ইশতিহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করে জাতির সামনে তুলে ধরে।
সংবাদ সম্মেলনে শোক প্রস্তাব উত্থাপন করেন নিসচার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদ্যাপনে নিসচা কমিটির সদস্য সচিব আইনজীবী তৌফিক আহসান টিটু। শুভেচ্ছা বক্তব্য দেন নিসচা মহাসচিব এস এম আজাদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচার ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন খান নান্টু, সাদেক হোসেন বাবুল, বিল্লাল হোসেন, যুগ্ম মহাসচিব মো. গনি মিয়া বাবুল, একে আজাদ, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- নিরাপদ সড়ক চাই
- ইলিয়াস কাঞ্চন
- কর্মসূচি
