তর্কের লড়াইয়ে শেষ হাসি যুক্তিবাদী মানসের
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
রাজশাহীর শাহ্ মখদুম কলেজে বৃহস্পতিবার শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসবের বিভাগীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ -সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ০৭:৩৭
| প্রিন্ট সংস্করণ
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে বিতর্ক উৎসবের ১১তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে গতকাল রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজশাহী
রাজশাহীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে এদিন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভাগের আট জেলার জয়ী দলগুলোর যুক্তি-পাল্টা যুক্তিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন রানার্সআপ দলের মোবাশ্বেরা সুলতানা।
প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলায় জয়ী দলগুলো অংশ নেয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়া অংশ নেওয়া অন্য দলগুলো হলো– জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, নাটোরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাবনার স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
দিনের শুরুতে নির্ধারিত সময়ের আগে থেকেই খুদে বিতার্কিকরা জড়ো হয় শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে। সকাল ১০টায় পায়রা উড়িয়ে কলেজ ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসনাত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের রাজশাহী ব্যুরোপ্রধান সৌরভ হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, ফিশারিজ বিভাগের অধ্যাপক ফওজিয়া আওয়াল ফ্লোরা, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসনাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তিশা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল
ইসলাম ও সমকালের জয়পুরহাট প্রতিনিধি সাহারুল ইসলাম।
সভায় অতিথিরা বিজ্ঞান শিক্ষায় নতুন প্রজন্ম যাতে বেশি করে উদ্বুদ্ধ হয়, সেদিকে দৃষ্টি রাখতে অভিভাবকদের আহ্বান জানান। তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া বর্তমান কিছু কল্পনা করা যায় না। তবে এর নেতিবাচক দিকও রয়েছে। তাই বিজ্ঞানকে ভালো কাজে ব্যবহার করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন বক্তারা।
রংপুর
নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় হলরুমে গতকাল দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর নগর পুলিশের উপকমিশনার আব্দুর রশিদ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জিলা স্কুল। রানার্সআপ হয়েছে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রংপুর জিলা স্কুলের ভাস্কর রায় নিগম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নগর পুলিশের উপকমিশনার আব্দুর রশিদ বলেন, ‘তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী এবং তাদের মধ্যে যুক্তিবাদী একটি মানস গড়ে দিতে পারে বিজ্ঞানবিষয়ক বিতর্ক। সেই কাজটিই করছে সমকাল। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সমকালের বিজ্ঞান বিতর্ক উৎসব সত্যিই প্রশংসার দাবি রাখে।’
সমকাল রংপুর অফিসপ্রধান স্বপন চৌধুরীর সঞ্চালনায় উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন রংপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বীরউত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান ও স্বপ্নচূড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শেখ ফরিদ অভি। মডারেটরের দায়িত্ব পালন করেন শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হামীম।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান। এ সময় সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি সামসুজ্জোহা, কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত, চিলমারী সংবাদদাতা রিয়াদুল ইসলামসহ সুহৃদ সমাবেশ রংপুরের হুমায়ুন কবির মানিক, রেজাউল করিম জীবন, শুভ রায় চৌধুরী, শীতল কুমার রায়, শাকিলা জামান, সিফাত আশরাবী, আমরানুল হক, সাদেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
(সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধির পাঠানো খবর)
- বিষয় :
- বিতর্ক উৎসব
