শিশুশ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ২৩:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ০০:১৩
শিশুশ্রম নিরসনে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা। সোমবার রাজধানীর এক হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।
‘শিশুশ্রম নিরসনে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা: বর্তমান বাস্তবতা ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), এডুকো বাংলাদেশ এবং শাপলা নীড় বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আক্তার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল ওয়াদুদ, এএসডির নির্বাহী পরিচালক এম এ করিম, এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, শাপলা নীড় বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউমি ইয়াগিশিতা, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন বিভাগের ফাতেমা খায়রুন্নাহার, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক খন্দকার রিয়াজ হোসেন, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফ উদ্দিন এবং এসওএস চিলড্রেন’স ভিলেজ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক।
বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন এএসডির ইউকেএম ফারহানা সুলতানা ও এডুকো বাংলাদেশের আফজাল কবির খান।
শুরুতে স্বাগত বক্তব্য দেন এএসডির নির্বাহী পরিচালক এম এ করিম। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ এবং শাপলা নীড় বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউমি ইয়াগিশিতা মাসুদা।
বৈঠকে বক্তারা বলেন, শিশুশ্রমের ভয়াবহতা ও এর সামাজিক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আক্তার বলেন, ‘বাল্যবিয়ে রোধে যেভাবে গণমাধ্যমে প্রচার ও ক্যাম্পেইন হয়, শিশুশ্রম নিয়ে সে মাত্রায় কাজ হয়নি। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে বসে শিশু বিষয়ক নির্দিষ্ট পাতা বা বিভাগ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করছি।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘গণমাধ্যমকে সবসময় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে হবে। শিশুশ্রমের বাস্তব চিত্র তুলে ধরতে হবে সমাজ ও নীতিনির্ধারকদের সামনে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইএলও, ইউনিসেফসহ শিশুর অধিকার ও শিশুশ্রম নিরসনে কাজ করা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও নেটওয়ার্কের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
