ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাগর-রুনি হত্যা

প্রতিবেদন দাখিলে শেষবারের মতো সময় দিলেন হাইকোর্ট

প্রতিবেদন দাখিলে শেষবারের মতো সময় দিলেন হাইকোর্ট
×

সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ০৩:১৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ | ০৩:১৭

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এবার শেষবারের মতো সময় দেওয়া হলো। এই ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে। 

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে গতকাল বাদীপক্ষের শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ।

গত বছরের ৩০ সেপ্টেম্বর আলোচিত এ মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে চলতি বছরের ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সর্বশেষ গত ২২ এপ্রিল টাস্কফোর্সকে ছয় মাস সময় দেওয়া হয়েছিল তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য। আদালত বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কি গঠন হয়েছে? অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বলেন, গঠন হয়েছে এবং কাজও করছে।

আইনজীবী শিশির মনির বলেন, সর্বশেষ আদেশের আগেও তারা সময় নিয়েছিল। এরপরও কোনো অগ্রগতি নেই। এতে দেশের মানুষ সংক্ষুব্ধ, আমরাও সংক্ষুব্ধ। ছয় মাস করে দুই ছয় মাস পার হয়ে গেছে। এখন তারা এসে এ বিষয়ে বলুক।’

রিট আবেদনকারী পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। আমরা কোনো হলফনামা পাইনি, হতে সময় লাগবে। তদন্ত সম্পর্কে লিখিত কিছু পাচ্ছি না। এত বড় টাস্কফোর্স গঠন করা হলো, কী হচ্ছে কী না হচ্ছে– সে বিষয়ে আদালতে অন্তত একটা রিপোর্ট আসুক।’

আইনজীবী শিশির মনির বলেন, পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন হয়েছে এক বছর আগে। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম আদেশ হয়। এই আদেশের মাধ্যমে কমিটি গঠিত হয় এবং কমিটি দায়িত্ব নেয়। যারা তদন্ত করছেন, তারা এসে তদন্তের অবস্থা জানাক। হালনাগাদ কিছু যদি জানে, এটাও তো কিছু একটা প্রগ্রেস। হালনাগাদ জানাতে কারও অসুবিধা থাকার কথা নয়।

একটি রিপোর্ট তুলে ধরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বলেন, টাস্কফোর্স গঠিত হয়েছে। অফিসার পরিবর্তন হয়েছে। এটি অনেক পুরোনো মামলা। যারা কাজ করছেন, তারা অনেক দূর এগিয়েছেন। একটা রিপোর্ট অগ্রগতি বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা হচ্ছে। 

তখন শিশির মনির বলেন, এর একটা কপি আমাদের দেন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, রিপোর্টটি রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে অফিসিয়ালি আসুক। তদন্ত তাড়াতাড়িই শেষ হয়ে যাবে।

আরও পড়ুন

×