ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেমিনারে বক্তারা

নারীর রাজনৈতিক অংশগ্রহণে বড় বাধা সাইবার বুলিং

নারীর রাজনৈতিক অংশগ্রহণে বড় বাধা সাইবার বুলিং
×

সাইবার বুলিং নিয়ে ‘দ্য বাংলাদেশ রেজোনেয়ার’ আয়োজিত সেমিনার (ছবি-সংগৃহীত)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ১৩:৫০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ১৫:০৬

দেশে সাইবার বুলিংয়ের শিকারদের ৮০ শতাংশ নারী ও কিশোরী। ভুয়া অশ্লীল ভিডিও, মিথ্যা প্রোফাইল ও অশালীন বার্তায় তারা নিয়মিত হয়রানির শিকার হয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ নারী ভুক্তভোগীর একজন হতাশাজনিত গুরুতর স্নায়ুবৈকল্যে আক্রান্ত হন। নারীর রাজনৈতিক অংশগ্রহণে বড় বাধা সাইবার বুলিং। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ‘দ্য বাংলাদেশ রেজোনেয়ার’ (টিবিআর)।

বক্তারা বলেন, সম্প্রতি নারী রাজনৈতিক কর্মীরা সামাজিক মাধ্যমে অপপ্রচার, হুমকি ও মানহানিকর প্রচারণার শিকার হচ্ছেন; যা গণতান্ত্রিক অংশগ্রহণে এক অন্ধকার ছায়া ফেলছে। এমনকি বিশ্ববিদ্যালয় রাজনীতিতেও ছাত্র সংসদ নির্বাচনের সময় ধর্ষণের হুমকি ও চরিত্র হননের মতো ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক অঙ্গনে নারীর সক্রিয় অংশগ্রহণে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে।

সেমিনারে জানানো হয়, ২০২২ সালে রিপোর্টকৃত অনলাইন অপরাধের ৫২ শতাংশই ছিল সাইবার বুলিং সম্পর্কিত। যার উল্লেখযোগ্য অংশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮সহ বিভিন্ন নীতি গ্রহণ করলেও বাস্তব প্রয়োগে ঘাটতি রয়ে গেছে। সেমিনারের মূল লক্ষ্য ছিল– অনলাইন হয়রানির ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, মানসিক পুনরুদ্ধার ও ক্ষমতায়নের পথ প্রদর্শন এবং তরুণ সমাজের রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহ জোগানো।

সেমিনারে টিবিআরের চেয়ারপারসন জান্নাতুন নওরীন ঊর্মি বলেন, ‘এ উদ্যোগ শুধু অনলাইন নিরাপত্তার বিষয় নয়, বরং তরুণ রাজনৈতিক কর্মীদের কণ্ঠস্বরকে শক্তিশালী করার প্রচেষ্টা। আমাদের লক্ষ্য এমন এক ডিজিটাল বাংলাদেশ গড়া, যেখানে তরুণীরা হয়রানির ভয় ছাড়াই নেতৃত্ব দিতে পারে।’ তিনি বলেন, ‘এ আয়োজন দেশের ডিজিটাল নিরাপত্তা ও নারী ক্ষমতায়নের যাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মো. রাহানুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফ জালাল খান, সাংবাদিক সানজিদা ইসলাম জুঁই এবং ভারতের পলিটি অ্যাকশন ল্যাবের প্রতিষ্ঠাতা নিবেদিতা বিশ্বাস। এ ছাড়াও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ১০০ শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।

টিবিআর সমাজের তরুণ ও নারী শ্রেণির মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, রাজনৈতিক অধিকার, সাইবার বুলিং প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে আসছে।

আরও পড়ুন

×