ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শ্রম আইনের তিনটি ধারার বিষয়ে আপত্তি জানিয়েছেন কারখানা মালিকরা: বিজিএমইএ

শ্রম আইনের তিনটি ধারার বিষয়ে আপত্তি জানিয়েছেন কারখানা মালিকরা: বিজিএমইএ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১৮:০৪

শ্রমিকের সংজ্ঞা, ট্রেড ইউনিয়নে শ্রমিকের সংখ্যা ও দ্বৈত প্রভিডেন্ট ফান্ড- শ্রম আইনের তিনটি ধারার বিষয়ে আপত্তি জানিয়েছেন কারখানা মালিকরা। সংশোধিত শ্রম আইন ২০২৫ পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার রাজধানীর বিজিএমইএ কর্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান।

এ সময় প্রস্তুতির জন্য এলডিসি গ্রাজুয়েশন ৩ বছর পেছানোর ও বন্দরের বাড়তি মাশুল প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। তারা বলেন, উচ্চ সুদ হার, পণ্য পরিবহন ব্যবস্থার উন্নতি, গ্যাস-বিদুৎ সমস্যাসহ সব সমস্যার সমাধান করে করে প্রস্তুতি শেষ হলে আগামী বছরই গ্রাজুয়েশনে রাজি আমরা।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘শিল্প, শ্রমিক ও অর্থনীতির বাস্তব চাহিদা বিবেচনায় এমন একটি নতুন আইন প্রণয়ন করতে হবে, যা দেশের শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা নষ্ট না করে বরং টেকসই উন্নয়নকে সহায়তা করবে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চার মাস ধরে সময় চেয়েও বিজিএমইএ সাক্ষাৎ পায়নি বলে অভিযোগ করেন মাহমুদ হাসান খান। তিনি বলেন, ‘আমরা গত চার মাস ধরে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাইনি। অথচ স্টারলিংকের কোম্পানি স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট এলে তার সঙ্গে উনি দেখা করেন। যে কম্পানি ১০ কোটি ডলার বিনিয়োগ করতে চায়। অথচ তিনি ৪০ বিলিয়ন ডলারের খাতের প্রতিনিধির সঙ্গে দেখা করেন না।’ 

বিজিএমইএ সভাপতি বলেন, ‘কারো সঙ্গে নেগোসিয়েশন করতে হলে তার সঙ্গে বসতে হয়। তিনি যদি সময় না দেন তাহলে কীভাবে নেগোসিয়েশন করব? আমরা বারবার সময় চেয়েও সময় পাইনি। এ কারণে শ্রম আইন সংশোধন এবং অন্যান্য বিষয়ে বিজিএমইএর বক্তব্য সরকারের কাছে সঠিকভাবে পৌঁছানো সম্ভব হয়নি। 

তৈরি পোশাক খাতে সংশোধিত শ্রম আইনের প্রভাব, স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণে অভিঘাত ও সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষয়ক্ষতির প্রভাব সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রপ্তানি খাতের অন্যান্য সংগঠনের মধ্যে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ–বিসিআইর সভাপতি আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ বক্তব্য রাখেন। বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু, সহ-সভাপতি রেজওয়ান সেলিম, শিহাব উদদোজা চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×