ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ব্র্যাকের কার্নিভাল অব চেঞ্জে সামাজিক উদ্ভাবন তুলে ধরলেন তরুণ উদ্যোক্তারা

ব্র্যাকের কার্নিভাল অব চেঞ্জে সামাজিক উদ্ভাবন তুলে ধরলেন তরুণ উদ্যোক্তারা
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ২২:৪৭

তরুণ প্রজন্মের ভাবনা, তাদের উদ্ভাবন আর নানা উদ্যোগের প্রদর্শনীর মাধ্যমে শুরু হলো ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৫’। সাভারে ব্র্যাক সিডিএমএ প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি ছিল মতবিনিময়, আলোচনা ও কর্মশালাসহ নানা আয়োজন। এতে অংশ নেন ২৫০ জনের বেশি তরুণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক, শিক্ষাবিদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এ সময় বক্তব্য রাখেন।
 
প্রথম দিনের আয়োজন শুরু হয় অনুপ্রেরণাদায়ক সেশন ‘ইউথ ভয়েসেস একোয়িং দ্য এসেন্স অব চেঞ্জমেকিং’ দিয়ে। এরপর ‘দ্য ওয়ে টু সাকসেস’ বা ‘সাফল্যের পথ’ শীর্ষক বক্তৃতা করেন ব্র্যাকের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের পরিচালক সাফি রহমান খান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৫’ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান।

চূড়ান্ত পর্বে মনোনীত ১২টি প্রকল্পের মধ্য থেকে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসেবে তিনটি উদ্যোগকে পুরষ্কারের জন্য মনোনিত করা হয়। পুরষ্কার বিজয়ী তিনটি উদ্যোগের মধ্যে ছিল- প্রতিবন্ধী শিশুদের জন্য অডিওবুক ‘স্টোরিজ অব ইনক্লুশন’, নারকেলের খোসা থেকে পরিবেশবান্ধব চারকোল উৎপাদনের প্রকল্প ‘জলশিখা’ এবং শিশুদের জন্য শিক্ষামূলক খেলনা তৈরির প্রকল্প ‘গুডডু টয়েজ’।

কার্নিভালের দ্বিতীয় দিনে থাকবে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের আত্মউন্নয়ন, ক্যারিয়ার নির্দেশনা ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময়, আলোচনা, সংলাপ এবং কর্মশালাসহ নানা আয়োজন।

এ দিন ব্যক্তিগত সুস্থতা বিষয়ক একটি পর্ব পরিচালনা করবেন ব্র্যাকের লার্নিং অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিফতাহ জামান। ‘বিল্ডিং আ বেটার ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তঃপ্রজন্মীয় সংলাপ পরিচালনা করবেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ ইনিশিয়েটিভস-এর সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক আফসান চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং ব্লাস্ট-এর নির্বাহী পরিচালক সারা হোসেন, ট্রায়াথলেট ও আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত, ভ্রমণকন্যা: ট্রাভেলেটস অব বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ডা. মনসী সাহা এবং জুলাই ২০২৪ ছাত্র আন্দোলনের অন্যতম অংশগ্রহণকারী কাজী আব্দুল্লাহ। 

আরও পড়ুন

×