ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনী ইশতেহার

গৃহিণীদের সম্মানী ভাতাসহ ২২ দফা আমার মা ফাউন্ডেশনের

গৃহিণীদের সম্মানী ভাতাসহ ২২ দফা আমার মা ফাউন্ডেশনের
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ২৩:২৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আমার মা ফাউন্ডেশন। এতে গৃহিণীদের জন্য সম্মানী ভাতা চালু করাসহ ২২টি দাবি রয়েছে।  শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এটি ঘোষণা করা হয়।

২২ দফা ইশতেহারে গৃহিণীদের জন্য সম্মানী ভাতা চালু করে তাদের শ্রম ও অবদানকে অর্থনৈতিক স্বীকৃতি দেওয়া, বেকার যুবসমাজকে রাষ্ট্রীয় খরচে প্রশিক্ষণ ও বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে রেমিট্যান্স বৃদ্ধি করা, প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ কিছু বিভাগ বাদে সরকারি চাকরিতে বয়সসীমার পরিবর্তে যোগ্যতা ও বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া, বিক্রয় ও বিপণন পেশাজীবীদের জন্য কর্মনিরাপত্তা, স্বাস্থ্য সুবিধা ও পেনশন স্কিম চালু করা এবং ভিক্ষাবৃত্তি ও অতিদরিদ্রতা নির্মূল করার কথা বলা হয়েছে।

দুর্নীতি অবসানে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে ইশতেহারে সংগঠনটি বলেছে, সাংবাদিক ও সংবাদকর্মীদের স্বাধীন কর্মপরিবেশ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া সব ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ ধর্মীয় নেতৃত্বকে রাষ্ট্রীয় সম্মানী ভাতা দেওয়া, প্রাথমিক শিক্ষকদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়া, কৃষকদের বিনাসুদে ঋণ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান জি এম কামরুল হাসান বলেন, ‘মা ফাউন্ডেশন বিশ্বাস করে, রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন মা সম্মান পায়, যুবক কর্মসংস্থানের সুযোগ পায়, কৃষক পণ্যের ন্যায্য মূল্য পায় এবং সাধারণ মানুষ নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে। এসব ভিত্তির ওপর দাঁড়িয়ে মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই।’

আরও পড়ুন

×