এনসিপি নেতার হুঁশিয়ারি
জাপাকে সুযোগ দিলে বন্ধ করে দেওয়া হবে নির্বাচন
আখতার হোসেন
রাজশাহী ব্যুরো ও রংপুর অফিস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৭:৪৭
| প্রিন্ট সংস্করণ
জাতীয় পার্টিকে (জাপা) প্রতীক বরাদ্দ ও নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। প্রয়োজনে রাজশাহীর নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এসে গতকাল বুধবার এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী জেলা এনসিপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।
গতকাল সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে গিয়ে রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ করে সাজু বলেন, ‘আমার ভাই শহীদ আবু রায়হান এবং সাকিব আনজুমকে যারা হত্যা করেছে, তাদের সহযোগী জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারে না। জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। তাদের ভোটে অংশ নিতে দেওয়া হবে না। প্রয়োজনে রাজশাহীর নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।’
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ‘আপনাদের অভিযোগ নির্বাচন কমিশনকে লিখিত জানান। নির্বাচন কমিশন যদি কোনো নির্দেশনা দেয়, সেটা আমরা বাস্তবায়ন করব।’
আখতার হোসেন যা বললেন
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা ‘না’ ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দেবে না। বরং জনগণ জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।
গতকাল রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ নিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি চায় না দেশ বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে বের হয়ে আসুক।’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
- বিষয় :
- আখতার হোসেন
