এলাকার উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে প্রথম দিনের প্রচারণা
প্রতীক পেয়ে নগরীর দামকুড়া ইউনিয়নে গণসংযোগ শুরু করেন রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৭:৫১
| প্রিন্ট সংস্করণ
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠের লড়াই। ‘ধানের শীষ’, ‘দাঁড়িপাল্লা’, ‘লাঙ্গল’ আর ‘কাস্তে’ প্রতীকের প্রচারণায় মুখর হয়ে উঠেছে উত্তরের জনপদ। বৃহস্পতিবার সকাল থেকেই বগুড়া, নওগাঁ ও সিরাজগঞ্জের প্রার্থীরা দোয়া, মোনাজাত, কবর জিয়ারত এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন দুর্নীতিমুক্ত সমাজ ও আধুনিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
তারেক রহমানের পক্ষে প্রচারণার জোয়ার
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। সকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে সদরের লাহিড়ীপাড়া এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় নেতারা বলেন, তারেক রহমান বগুড়ার সন্তান, তাঁকে রেকর্ড ভোটে বিজয়ী করে দেশবাসীর কাছে বগুড়ার ঐতিহ্য তুলে ধরা হবে।
অন্যদিকে, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের নামাজগড় এলাকায় জুলাই
বিপ্লবের শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেন। বাসদ প্রার্থী দিলরুবা নুরী খোকন পার্কের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করে ভোটের লড়াইয়ে নামেন।
এ ছাড়া বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আব্দুল মহিত তালুকদার (বিএনপি), আবু তাহের (জামায়াত), শাহিনুল ইসলাম (জাপা) ও শাহজাহান আলী (ইসলামী আন্দোলন) নিজ নিজ এলাকা থেকে প্রচারণা শুরু করেছেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার
নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের মাধ্যমে মাঠে নামেন। তিনি বলেন, ‘১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের ধাপ।’ , জামায়াত প্রার্থী আ স ম সায়েম মকরামপুর এলাকায় নওগাঁকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সিপিবির শফিকুল ইসলাম চাকলা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে কাস্তে মার্কার প্রচারণা চালান।
জুলাই বিপ্লবের বীরদের স্মরণ
সিরাজগঞ্জ-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম মালশা কবরস্থানে গিয়ে জুলাই যোদ্ধা আব্দুল লতিফ ও সুমন হোসেনের কবর জিয়ারত করেন। অন্যদিকে সাবেক মন্ত্রী ও বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু তাঁর বাবা পাকিস্তান সরকারের সাবেক শিল্পমন্ত্রী আল মাহমুদ ও মায়ের কবর জিয়ারত করে প্রচারণা চালান।
ফ্যামিলি ও কৃষি কার্ডের প্রতিশ্রুতি
নাটোর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার সদর উপজেলার ছাতনী দিয়ারপাড়া বাজারে মোনাজাতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করেন দুলু। এরপর ছাতনী ইউনিয়নের আগদিঘা, মাঝদিঘা, কেশবপুরসহ ১০টি স্থানে পথসভা ও গণসংযোগ করেন।
নির্বাচনী সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নির্বাচনে বিএনপি জয়ী হলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। টানা ৫ বছর তারা সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।’
‘নির্বাচনী ট্রেন থামানোর সুযোগ নেই’
রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর মহানগরীর তেরোখাদিয়া এলাকায় গণসংযোগ করেন। একই আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু শালবাগান এলাকা থেকে প্রচারণায় নামেন। রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন পবার দামকুড়াহাটে গণসংযোগ করেন।
তারামন বিবির কবরে শ্রদ্ধা ও বীরত্বের শপথ
কুড়িগ্রাম-৪ আসনে ব্যতিক্রমীভাবে প্রচারণা শুরু করেছেন বাসদ (মার্কসবাদী) প্রার্থী রাজু আহমেদ। তিনি রৌমারীতে বীরপ্রতীক তারামন বিবির কবরে শ্রদ্ধা জানিয়ে ‘কাঁচি’ মার্কার প্রচারণা শুরু করেন। রাজু আহমেদ বলেন, টাকা ও পেশিশক্তির কাছে বিবেক বিক্রি না করে গরিব মেহনতী মানুষের অধিকার রক্ষায় কাঁচি মার্কায় ভোট দিতে হবে। নদীভাঙন ও মাদক থেকে যুবসমাজকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী প্রার্থিতা ফিরে পাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে।
[তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতা]
- বিষয় :
- প্রচারণা
