গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড
ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ২২:২৬
দশ বছর আগে গোপালগঞ্জ সদরে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
একইসঙ্গে চার আসামির আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা সাংবাদিকদের এ তথ্য জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী এবং ঝন্টু শেখ। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলীমুজ্জামান বিটু এবং প্রিন্স খাঁকে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আক্রাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ এবং শওকত শেখ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাশেদ শেখ ও টুটুল শেখ পলাতক রয়েছেন।
তারা গ্রেপ্তার হওয়ার পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেন। বাকি ১৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সে বছরের ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় বাসুর ছোট ভাই জাসু শেখ মামলা করেন।
২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তীকালে মামলাটি ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়।
- বিষয় :
- গোপালগঞ্জ
- কুপিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড
- ট্রাইব্যুনাল
