নির্বাচনকালীন সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এসব ঘটনা জননিরাপত্তা, মানবাধিকার এবং নির্বাচন নিয়ে জনগণের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংস্থাটি।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানায় জাতীয় মানবাধিকার কমিশন।
এতে বলা হয়, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিকদের মৌলিক অধিকার হুমকির মুখে পড়বে। সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপরিহার্য। ভোট প্রদান নাগরিকের একটি মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন প্রত্যাশিত বলে উল্লেখ করা হয়।
কমিশন জানায়, কোনো অবস্থাতেই সংঘাত, ভয়ভীতি বা পেশিশক্তির মাধ্যমে জনগণের অধিকার হরণের সুযোগ নেই বলে জানায় কমিশন। সব ধরনের সংঘাত নিরসনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন। একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও বিশেষ নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই অতিরিক্ত বলপ্রয়োগ পরিহার করতে হবে এবং আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। এ ছাড়া সকল রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের কর্মীদের সংযত ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার মাধ্যমে সাধারণ মানুষের মানবাধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
- বিষয় :
- মানবাধিকার কমিশন
