ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী
×

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১৫

নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই তাঁর প্রধান অগ্রাধিকার। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করব, বলেন তিনি।

জনবল সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি আছে কিনা, তা যাচাই করা হবে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না। তিনি জানান, সাতদিনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শুরু করবেন। এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে হবে। চিকিৎসার মান বাড়াতে পারলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নিজের চিকিৎসার ক্ষেত্রেও তিনি দেশের ব্যবস্থার ওপর নির্ভর করতে চান। ‘আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করব। একেবারে জটিল ও যার চিকিৎসা দেশে নেই এমন পরিস্থিতি ছাড়া দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না, বলেন তিনি।

এ ছাড়া স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়নে কাজ করার কথাও জানান মন্ত্রী।

আরও পড়ুন

×