ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় উপকূল ঘোষণা

জাতীয় উপকূল ঘোষণা
×

জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ও বহুমাত্রিক অভিঘাত তীব্রভাবে উপকূলীয় বাংলাদেশে প্রতিফলিত হচ্ছে - এআই

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

প্রথমবারের মতো ঢাকায় গত ১৩ ও ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ‘জাতীয় উপকূল সম্মেলন ২০২৫’। দেশের উপকূল-সংশ্লিষ্ট নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, সাংবাদিক, নাগরিক 
সমাজের প্রতিনিধি, যুব, আদিবাসী জনগোষ্ঠী, জেলে, কৃষক, শ্রমিক, নারী এবং উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন। 

বেসরকারি উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান জাতীয় উপকূল সম্মেলন ২০২৫-এর আয়োজন করে। এ সম্মেলনের সহআয়োজক– একশনএইড বাংলাদেশ, অক্সফাম ইন বাংলাদেশ, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা), এনজিও ফোরাম অন এডিবি, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই), কর্মজীবী নারী, কেন্দ্রীয় কৃষক মৈত্রী, কোস্ট ফাউন্ডেশন, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন), ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল), ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ, খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), গান্ধী আশ্রম ট্রাস্ট, জাগো নারী, ডিজাস্টার ফোরাম, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস), প্রান্তজন ট্রাস্ট, ফেয়ার ফাইন্যান্স বাংলাদেশ, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, রূপান্তর, লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ সোসাইটি (লিডার্স), শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস), সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ (সিইপিআর) ও হেলভেটাস বাংলাদেশ।

ছয়টি সমান্তরাল অধিবেশন ও দুটি পূর্ণাঙ্গ অধিবেশনে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের উপকূলকে একটি কৌশলগত জাতীয় অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়। এই উপকূল অঞ্চল দেশের ১৯টি জেলাজুড়ে বিস্তৃত এবং প্রায় চার কোটি ৩৫ লাখ মানুষের জীবন ও জীবিকার ভিত্তি। খাদ্য উৎপাদন, কৃষি ও মৎস্য অর্থনীতি, নৌপরিবহন ও নৌপথ, বন্দরনির্ভর বাণিজ্য, জ্বালানি সরবরাহ, উপকূলভিত্তিক অবকাঠামো, প্রবাসী শ্রম, শিল্প ও পর্যটন এবং জলবায়ু অভিযোজন সক্ষমতায় উপকূলের ভূমিকা জাতীয় উন্নয়ন কাঠামোর কেন্দ্রীয় অংশ। তবুও এ অঞ্চলের মানুষের অধিকার, নিরাপত্তা ও জীবনমান জাতীয় অর্থনীতিতে উপকূলের অবদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নিশ্চিত হয়নি।

সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ও বহুমাত্রিক অভিঘাত তীব্রভাবে উপকূলীয় বাংলাদেশে প্রতিফলিত হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, উপকূলীয় ক্ষয়, লবণাক্ততার বিস্তার, সুপেয় পানির সংকট, কৃষিজমি হ্রাস, মৎস্য সম্পদের ঝুঁকি এবং জীবিকা সংকট এ অঞ্চলে দারিদ্র্য, খাদ্য ও পুষ্টি অনিরাপত্তা, জনস্বাস্থ্য সংকট, বাস্তুচ্যুতি এবং জলবায়ু-প্রণোদিত অভিবাসনকে গভীরতর করছে। এই অভিঘাত নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, আদিবাসী এবং দরিদ্র জনগোষ্ঠীর ওপর অসমভাবে প্রভাব ফেলছে। ফলে মানবিক নিরাপত্তা, সামাজিক ন্যায় এবং সাংবিধানিক অধিকারের প্রশ্ন একটি মৌলিক রাজনৈতিক বিষয় হিসেবে সামনে এসেছে।

মূলত অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, খাতভিত্তিক ও বিচ্ছিন্ন উন্নয়ন উদ্যোগ, দুর্বল শাসন কাঠামো, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি এবং পরিবেশগত সক্ষমতা উপেক্ষা করে গৃহীত বিনিয়োগ উপকূলের প্রাকৃতিক বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। বন, নদী, খাল, জলাভূমি, চর এবং সামুদ্রিক সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এর ফলে ভূমি ও সম্পদে জনগণের অধিকার, জীবিকা, পরিবেশগত ভারসাম্য এবং সামাজিক স্থিতিশীলতা ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। উন্নয়নের নামে বিপদাপন্নতা, ঝুঁকি বৃদ্ধি এবং বৈষম্য গভীর হওয়ার এই বাস্তবতা রাষ্ট্রীয় পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্তে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

এই প্রেক্ষাপটে জাতীয় উপকূল সম্মেলন একটি অন্তর্ভুক্তিমূলক, বহুপক্ষীয় এবং নীতিনির্ধারণমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। সম্মেলনের আলোচনায় উপকূল পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবিকা, ন্যায্য রূপান্তর ও জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন, সামাজিক নিরাপত্তা ও অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন এবং পানি ব্যবস্থাপনা বিষয়গুলো সমন্বিতভাবে পর্যালোচিত হয়েছে। এসব খাতের পারস্পরিক নির্ভরতা এবং নীতিগত অসামঞ্জস্য স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে।
সম্মেলনের আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর প্রত্যক্ষ অভিজ্ঞতা, স্থানীয় অভিযোজন উদ্যোগ এবং সমাজভিত্তিক সমাধান নথিভুক্ত করার মাধ্যমে জনগণের বাস্তব চর্চা ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণের মধ্যে একটি প্রমাণভিত্তিক সংযোগের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। ভবিষ্যৎ আইন প্রণয়ন, জাতীয় বাজেট বরাদ্দ, উন্নয়ন পরিকল্পনা এবং বিনিয়োগ সিদ্ধান্তে এ সংযোগ একটি কার্যকর রেফারেন্স কাঠামো হিসেবে ব্যবহৃত হতে পারে।

এই সমঝোতার ভিত্তিতে উপকূলীয় বাংলাদেশের জন্য একটি স্বতন্ত্র, সমন্বিত এবং মানবাধিকারভিত্তিক নীতিগত কাঠামো অপরিহার্য। দুই দিনের আলোচনা ও যৌথ বিশ্লেষণের প্রেক্ষিতে উপকূলীয় মানুষের পক্ষ থেকে এই রাজনৈতিক ও নীতিগত দলিল প্রণীত হচ্ছে। 
সম্মেলনে একটি ন্যায্য, সহনশীল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে অভিন্ন দিকনির্দেশনা হিসেবে জাতীয় উপকূল ঘোষণা ২০২৫ প্রস্তাব করা হয়।

জাতীয় উপকূল ঘোষণায় ২৭ দফা–

সমন্বিত উপকূল
উপকূল একটি জটিল ও বহুমাত্রিক বাস্তবতা, যেখানে সামাজিক কাঠামো, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পরিবেশগত ব্যবস্থাগুলো পরস্পর গভীরভাবে সংযুক্ত। ভূমি, বন, বাদাবন, মোহনা, জলাভূমি, সমুদ্রসৈকত ও সামুদ্রিক বাস্তুসংস্থানের যে কোনো একটির ওপর চাপ সৃষ্টি হলে সমগ্র উপকূলীয় ব্যবস্থার ভারসাম্য ভেঙে পড়ে; জীবন ও জীবিকা একযোগে ঝুঁকির মুখে পড়ে। এই আন্তঃনির্ভর বাস্তবতাকে স্বীকৃতি দিয়ে উপকূলকে সমন্বিত সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ব্যবস্থা হিসেবে বিবেচনার নীতিগত অবস্থান গ্রহণের প্রস্তাব করছে।

তথ্যভিত্তিক নীতি
উপকূল সংক্রান্ত নীতি, আইন, বিনিয়োগ ও বাজেট বরাদ্দের সিদ্ধান্তে তথ্য ঘাটতি ও খণ্ডিত বিশ্লেষণ দীর্ঘ মেয়াদে কাঠামোগত ঝুঁকি তৈরি করেছে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর প্রজন্মগত জ্ঞান, অভিযোজন অভিজ্ঞতা ও লোকজ কলাকৌশল নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পর্যাপ্তভাবে প্রতিফলিত হয় না। এই বাস্তবতায় বৈজ্ঞানিক তথ্য ও স্থানীয় জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে নিয়মিত জরিপ, সমীক্ষা ও মানচিত্রায়নের ভিত্তিতে প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব করছে।

অঞ্চলভিত্তিক পরিকল্পনা
উপকূলীয় উন্নয়নে খণ্ডিত প্রকল্পভিত্তিক পদ্ধতি উপকূলের ভিন্ন ভৌগোলিক অঞ্চলের ভিন্নতা, প্রতিবেশ ও ঝুঁকির বৈচিত্র্যকে বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে। দক্ষিণ-পশ্চিম, মধ্য-দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব উপকূলের বাস্তবতা এক নয়। সকল অঞ্চলের জন্য অভিন্ন পরিকল্পনার পরিবর্তে প্রয়োজন বিশেষায়িত পরিকল্পনা। এই প্রেক্ষিতে বাদাবন, মোহনা ও জলাভূমি অন্তর্ভুক্ত করে অঞ্চলভিত্তিক জোনিংসহ একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত জাতীয় উপকূল মহাপরিকল্পনা প্রণয়নের প্রস্তাব করছে।

জবাবদিহিতামূলক অর্থায়ন
উপকূলীয় উন্নয়নে অর্থের ঘাটতি কেবল বরাদ্দের স্বল্পতা নয়, বরং অর্থায়ন, অর্থ ছাড়, ব্যয় ট্র্যাকিং ও জবাবদিহির দুর্বল কাঠামোর ফল। খাতভিত্তিক বিচ্ছিন্ন বরাদ্দ ও বিলম্বিত অর্থ ছাড় উপকূলীয় ঝুঁকি মোকাবিলাকে ব্যাহত করে। এই বাস্তবতায় জাতীয় বাজেটে উপকূলের জন্য স্বতন্ত্র কাঠামো, পূর্বানুমেয় অর্থ ছাড়, ব্যয় পর্যবেক্ষণ, জবাবদিহিতামূলক নজরদারি ব্যবস্থাসহ একটি সংস্কারমূলক অর্থায়ন কাঠামো প্রবর্তনের প্রস্তাব করছে।

জলবায়ু অর্থায়ন প্রবেশগম্যতা
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় বাংলাদেশে ক্ষতি ও বিনষ্টি ইতোমধ্যে বাস্তব ও চলমান হলেও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন কাঠামোতে উপকূলের প্রবেশাধিকার সীমিত। ক্ষতি ও অ-অর্থনৈতিক ক্ষতির স্বীকৃতি থাকলেও তা অর্থায়নের নিশ্চয়তায় রূপ নেয়নি। এই প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্ষতি ও বিনষ্টি তহবিল, গ্রিন ক্লাইমেট ফান্ড ও অন্যান্য জলবায়ু অর্থায়নে উপকূলের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার নীতিগত অবস্থান গ্রহণের প্রস্তাব করছে।

দায়িত্বশীল বিনিয়োগ
উপকূলীয় অঞ্চলে শিল্প, পর্যটন ও অবকাঠামো বিনিয়োগ পরিবেশগত সক্ষমতা অতিক্রম করলে দীর্ঘ মেয়াদে অর্থনীতি, সমাজ ও প্রকৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। স্বল্পমেয়াদি মুনাফাভিত্তিক বিনিয়োগ ভবিষ্যৎ ব্যয় ও ঝুঁকি বহুগুণ বাড়ায়। এই বাস্তবতা বিবেচনায় পরিবেশ-সামাজিক-শাসন মূল্যায়নকে সিদ্ধান্ত গ্রহণের নৈতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক মানদণ্ড হিসেবে গ্রহণের প্রস্তাব করছে।

পশ্চাৎপদ অঞ্চল নির্ধারণ
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূল ক্ষয়ের বাস্তবতায় স্থায়ী অবকাঠামো ও শিল্পে বিনিয়োগ ক্রমেই উচ্চ ঝুঁকিতে পড়ছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখায়, ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে ধাপে ধাপে বিনিয়োগ প্রত্যাহার ভবিষ্যৎ ক্ষতি কমাতে সহায়ক। এই প্রেক্ষিতে উপকূলীয় পশ্চাৎপদ অঞ্চল নির্ধারণকে দীর্ঘমেয়াদি ঝুঁকি ব্যবস্থাপনার একটি নীতিগত বিকল্প হিসেবে গ্রহণের প্রস্তাব করছে।

টেকসই পর্যটন
সংকটাপন্ন উপকূলীয় এলাকায় অপরিকল্পিত পর্যটন পরিবেশগত অবক্ষয় ও স্থানীয় জীবিকার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সংবেদনশীল বাস্তুসংস্থানে অনিয়ন্ত্রিত পর্যটন প্রতিবেশ ও অর্থনীতির ভিত্তিকে দুর্বল করে। এ বাস্তবতায় পর্যটন নিয়ন্ত্রণ; পরিবেশসম্মত, স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক পর্যটন ব্যবস্থাপনার প্রস্তাব করছে।

দূরদর্শী ও ঝুঁকি-সংবেদনশীল বিনিয়োগ
উপকূল বরাবর অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল ও বৃহৎ বিনিয়োগ ভূমি ব্যবহার, জীবিকা ও পরিবেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। স্থানীয় বাস্তবতা উপেক্ষা করলে এসব উদ্যোগ সামাজিক দ্বন্দ্ব বাড়ায়। এই কারণে পরিবেশগত সংবেদনশীলতা, সামাজিক প্রভাব ও স্থানীয় জীবিকাকে পূর্বশর্ত ধরে উপকূলীয় বিনিয়োগ পরিকল্পনার প্রস্তাব করছে।

অংশগ্রহণমূলক সুশাসন
উপকূলীয় শাসন ব্যবস্থার দুর্বলতা মূলত সমন্বয়ের অভাব, দায়িত্বের অস্পষ্টতা ও সীমিত অংশগ্রহণের ফল। স্থানীয় সরকার ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ছাড়া নীতি বাস্তবায়ন টেকসই হয় না। এ প্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, প্রাতিষ্ঠানিক স্পষ্টতা, জবাবদিহিতা; নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের প্রস্তাব করছে।

প্রাকৃতিক সম্পদে ন্যায্য প্রবেশাধিকার
উপকূলীয় অঞ্চলে ভূমি ও পানির ওপর মালিকানা, ব্যবহারাধিকার ও প্রবেশাধিকারের অস্পষ্টতা সামাজিক বৈষম্য ও সংঘাত বাড়ায়। বৈশ্বিক অভিজ্ঞতা দেখায় যে স্পষ্ট অধিকার কাঠামো ছাড়া অভিযোজন কার্যকর হয় না। এ বাস্তবতায় ভূমি ও প্রাকৃতিক সম্পদে স্বচ্ছ ও ন্যায্য অধিকার কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব করছে।

নারীর জন্য অগ্রাধিকারমূলক  সুরক্ষা
উপকূলীয় নারীরা জলবায়ু ঝুঁকিতে অসমভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভূমি অধিকার, স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থায়নে তাদের প্রয়োজন আলাদা করে প্রতিফলিত হয় না। এ বাস্তবতায় নারীর ভূমি ও সম্পদে অধিকার, জলবায়ু ঝুঁকিতে স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা এবং জলবায়ু অর্থায়নে নারীকেন্দ্রিক অগ্রাধিকার অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছে।

আদিবাসী অধিকার
উপকূলীয় আদিবাসী ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে প্রান্তিক অবস্থানে এবং তাদের প্রথাগত ভূমি ও সম্পদ অধিকার ক্রমাগত চাপে রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী স্বতন্ত্র পরিচয়, পূর্বানুমতি ও সম্মতির নীতি এখনও সুস্পষ্ট নয়। এ প্রেক্ষিতে আদিবাসী ও সংখ্যালঘুদের অধিকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উপকূলনীতিতে অন্তর্ভুক্তির প্রস্তাব করছে।

সমন্বিত শ্রমবাজার কাঠামো
উপকূলীয় অর্থনীতি কৃষি ও মৎস্যের পাশাপাশি নৌপরিবহন, বন্দর, শিল্প ও অভিবাসী শ্রমের ওপর নির্ভরশীল হলেও শ্রম অধিকার খণ্ডিতভাবে বিবেচিত হয়েছে। নৌশ্রম, বন্দর ও শিল্পশ্রম, অনানুষ্ঠানিক শ্রম এবং প্রবাসী শ্রমের সঙ্গে উপকূলের সংযোগ স্পষ্ট নয়। এ বাস্তবতায় উপকূলীয় শ্রমবাজারকে একটি সমন্বিত কাঠামো হিসেবে বিবেচনার প্রস্তাব করছে।

নগর উপকূল পরিকল্পনা
উপকূলীয় নগর ও শহরগুলো জলবায়ু ঝুঁকি, অভিবাসন চাপ ও অবকাঠামোগত দুর্বলতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। নগর উপকূল, পৌর অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা এবং বস্তি ও অনানুষ্ঠানিক বসতি আলাদা নীতিগত দৃষ্টিভঙ্গি পায়নি। এই প্রেক্ষিতে নগর উপকূলকে পৃথক পরিকল্পনা ইউনিট হিসেবে বিবেচনার প্রস্তাব করছে।

গুণগত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা
উপকূলীয় স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হলে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হয় বহু গুণ। প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী না হলে মানবোন্নয়ন ব্যাহত হয়। এ বাস্তবতায় কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তিন স্তরের স্বাস্থ্যসেবা কাঠামো জোরদারের প্রস্তাব করছে।

সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা
দুর্যোগ ব্যবস্থাপনাকে কেবল জরুরি সাড়াপ্রদান হিসেবে দেখলে দীর্ঘমেয়াদি ক্ষতি বাড়ে। তথ্যায়ন, ক্ষতি ও অ-অর্থনৈতিক ক্ষতির স্বীকৃতি ছাড়া অভিযোজন অসম্পূর্ণ থাকে। এই প্রেক্ষিতে আগাম সতর্কতা, পুনর্বাসন, তথ্যভিত্তিক মনিটরিংসহ সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তাব করছে।

মেরিটাইম দৃষ্টিভঙ্গি
সমুদ্র ও উপকূলভিত্তিক অর্থনীতি পরিবেশগত সীমা অতিক্রম করলে ভবিষ্যৎ প্রবৃদ্ধি ঝুঁকির মুখে পড়ে। ব্লু কার্বন সংরক্ষণ ও বাস্তুসংস্থান পুনরুদ্ধার জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি করে। এ বাস্তবতায় সমন্বিত জাতীয় মেরিটাইম দৃষ্টিভঙ্গির প্রস্তাব করছে।

পরিকল্পিত অভিবাসন
জলবায়ু অভিবাসন একটি মানবাধিকার ও উন্নয়ন প্রশ্ন, যেখানে অপরিকল্পিত স্থানান্তর সামাজিক সংকট সৃষ্টি করে। এই বাস্তবতায় পরিকল্পিত, স্বেচ্ছামূলক ও মানবাধিকারভিত্তিক স্থানান্তর কৌশলকে অভিযোজনের নীতিগত বিকল্প হিসেবে গ্রহণের প্রস্তাব করছে।

স্থানীয় গবেষণা ভিত্তি
নীতিনির্ধারণে স্থানীয় গবেষণা ও কমিউনিটিভিত্তিক মনিটরিংয়ের অভাব নীতি বাস্তবায়নকে দুর্বল করে। স্থানীয় তথ্য ছাড়া নীতি দীর্ঘ মেয়াদে কার্যকর হয় না। এ প্রেক্ষিতে স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও মনিটরিং ব্যবস্থাকে নীতির কেন্দ্রে রাখার প্রস্তাব করছে।

ধাপভিত্তিক বাস্তবায়ন
দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি কার্যকর করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ধাপ নির্ধারণ অপরিহার্য। সময়সীমা ও অগ্রাধিকার ছাড়া নীতি বাস্তবায়ন বিলম্বিত হয়। এ প্রেক্ষিতে ধাপভিত্তিক বাস্তবায়নে পথনকশা প্রণয়নের প্রস্তাব করছে।

আইনি সামঞ্জস্য
বিদ্যমান আইন, নীতি ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যহীনতা উপকূলীয় শাসনব্যবস্থাকে দুর্বল করে এবং বাস্তবায়নে দ্বন্দ্ব সৃষ্টি করে। কোন ক্ষেত্রে আইন সংস্কার বা নতুন আইন প্রয়োজন তা সুস্পষ্ট না হলে নীতি কার্যকর হয় না। এই বাস্তবতায় বিদ্যমান আইন ও নীতির পর্যালোচনা, সামঞ্জস্য নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় আইনি সংস্কারের নীতিগত অবস্থান গ্রহণের প্রস্তাব করছে।

ঝুঁকি বীমা কাঠামো
উপকূলীয় জীবিকা জলবায়ু ঝুঁকির মুখে থাকলেও ঝুঁকি ও আর্থিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল। কৃষি, মৎস্য ও দুর্যোগ বীমা এবং পাবলিক রিস্ক পুল না থাকায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী দীর্ঘমেয়াদি দারিদ্র্যের চক্রে পড়ে। এ প্রেক্ষিতে উপকূলীয় ঝুঁকি ব্যবস্থাপনায় বীমা ও ঝুঁকি ব্যবস্থার নীতিগত কাঠামো গড়ে তোলার প্রস্তাব করছে।

প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা
প্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা উপকূল ব্যবস্থাপনায় এখনও পর্যাপ্তভাবে কাজে লাগানো হয়নি। ডিজিটাল পূর্বাভাস, রিমোট সেন্সিং, সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থা ও জলবায়ু প্রযুক্তি ছাড়া ঝুঁকি ব্যবস্থাপনা সীমিত থাকে। এ বাস্তবতায় প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উপকূল ব্যবস্থাপনা কাঠামো গ্রহণের প্রস্তাব করছে।

দূষণকারী দায়নীতি
পরিবেশগত অবক্ষয় ও শিল্পদূষণের দায় নির্ধারণ স্পষ্ট না হলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত হয় না। দূষণকারীকে দায়মুক্ত রাখলে পরিবেশ সুরক্ষা দুর্বল হয়। এ প্রেক্ষিতে পরিবেশগত ন্যায়বিচার ও দূষণ দায় নির্ধারণে দূষণকারীর দায় নীতি গ্রহণের প্রস্তাব করছে।

সংসদীয় জবাবদিহিতা 
নীতিগত জবাবদিহিতা প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ থাকলে রাজনৈতিক দায়বদ্ধতা দুর্বল হয়। সংসদীয় নজরদারি ও নিয়মিত রিপোর্টিং ছাড়া দীর্ঘমেয়াদি নীতি টেকসই হয় না। এ বাস্তবতায় সংসদীয় কমিটির মাধ্যমে নিয়মিত পর্যালোচনা ও রাজনৈতিক পর্যায়ে তদারকি কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব করছে।

মহাপরিকল্পনা ও বার্ষিক প্রতিবেদন
উপকূলীয় অঞ্চলের বহুমাত্রিক ভৌগোলিক বৈশিষ্ট্য, জলবায়ুজনিত ঝুঁকি এবং সামাজিক ও অর্থনৈতিক আন্তঃনির্ভরতা বিবেচনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি উপকূলীয় অঞ্চল মহাপরিকল্পনা প্রণয়ন অপরিহার্য। একই সঙ্গে উপকূলের পরিবর্তনশীল বাস্তবতা, উন্নয়ন অগ্রগতি, উদীয়মান সংকট এবং নীতিগত কার্যকারিতা মূল্যায়নের জন্য নিয়মিত ভিত্তিতে ‘স্টেট অব বাংলাদেশ কোস্ট’ শীর্ষক বার্ষিক প্রতিবেদন প্রণয়ন প্রয়োজন। এ ধরনের প্রতিবেদন উপকূলীয় ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক বিশ্লেষণ, জবাবদিহিতা এবং নীতি-সমন্বয় জোরদারে সহায়ক ভূমিকা রাখতে পারে। অতএব, একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে উপকূলীয় মহাপরিকল্পনা প্রণয়ন এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশকে সমন্বিত উপকূল ব্যবস্থাপনার অংশ হিসেবে গ্রহণের নীতিগত প্রস্তাব করা হচ্ছে।

আরও পড়ুন

×