নরসিংদীতে ‘দলবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৫৫
নরসিংদীতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যার ঘটনায় এবং সারাদেশে চলমান ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আছিয়া থেকে নন্দিনী, ধর্ষকদের ভুলিনি’, ‘ধর্ষক আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘আর কোনো মা-বোনের ওপর হামলা হলে, হেনস্তার হুমকি দেওয়া হলে কিংবা ধর্ষণের ঘটনা ঘটার পর বিচার না হলে আমরা আবার রাজপথে নেমে গণপ্রতিরোধ গড়ে তুলব।’
তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের। কিন্তু সরকার শপথ নেওয়ার পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে অতীত সরকারের সময়কার ‘খুনি হাসিনা ও তার দোসরদের’ বিরুদ্ধে বর্তমান সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।
ডাকসুর জিএস এস এম ফরহাদ সরকারপ্রধানের উদ্দেশে বলেন, ‘ক্ষমতায় থাকতে চাইলে এখনই চাঁদাবাজ ও ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। ছাত্রদল থেকে শুরু করে স্থানীয় বিএনপি পর্যন্ত দলের বিভিন্ন পর্যায়ের নেতারা যদি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেন এবং তা চলতে থাকে, তাহলে রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই বিক্ষোভ তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়বে।’
সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ক্যাফেটেরিয়া ও কমনরুম বিষয়ক সম্পাদক উম্মে সালমা, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
