আকস্মিক সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব
হর্ষ বর্ধন শ্রিংলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২০ | ২৩:৪৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ | ২৩:৫৯
প্রতিবেশী দুদেশের সম্পর্ক উন্নয়নে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, মঙ্গলবারের সফরের উদ্দেশ্য নিয়ে কিছু না জানালেও আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে বন্ধন আরও জোরদার করার বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন। খবর ইউএনবির
এর পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সংক্ষিপ্ত এ সফরের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক হবে।
সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রসচিব ঢাকাকে দিল্লির বিশেষ বার্তাও পৌঁছে দেবেন। সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবারই ভারতে ফিরবেন শ্রিংলা।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণ করেন তিনি। পররাষ্ট্রসচিবের দায়িত্ব নেওয়ার পরে শ্রিংলা গত মার্চ মাসে ঢাকা সফর করেছিলেন।
- বিষয় :
- ভারত
- পররাষ্ট্রসচিব
- সফর
- ঢাকা
