১০ লাখ রোজাদারকে ইফতার করাবে মাস্তুল ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৪৯
চলতি রমজানে বাংলাদেশ, সুদান এবং ফিলিস্তিনের গাজাসহ দেশ-বিদেশে মোট ১০ লাখ রোজাদারের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে মাস্তুল ফাউন্ডেশন। মাসব্যাপী এই আয়োজন পরিচালিত হবে মাস্তুল মেহমানখানা থেকে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে প্রতিদিন হাজারো মানুষ ইফতার গ্রহণ করবে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার এতিমখানা, মাদ্রাসা ও অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হবে ইফতার সামগ্রী। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মাস্তুল এ তথ্য জানিয়েছে।
মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বনামধন্য ও সেবামূলক জাতীয় প্রতিষ্ঠান। বিগত এক দশকেরও বেশি সময় ধরে মাস্তুল ফাউন্ডেশন দেশের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে।
বিজ্ঞপ্তিতে মাস্তুল জানিয়েছে, দেশের সীমানা ছাড়িয়ে সুদান ও ফিলিস্তিনের গাজাতেও পরিচালিত হচ্ছে তাদের এই কার্যক্রম। ইতোমধ্যে মাস্তুল ফাউন্ডেশনের টিম গাজায় পৌঁছে রমজানের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, মাস্তুলের সব কার্যক্রম আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হয়। প্রতি বছর রমজান মাসে লক্ষাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে হয়। এ বছর ১০ লাখ রোজাদারের কাছে ইফতার পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, ইফতার বিতরণের পাশাপাশি যাকাতভিত্তিক স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করতেও কাজ করছে মাস্তুল। এই উদ্যোগ প্রমাণ করে—সামান্য সহানুভূতি ও দায়িত্ববোধই বদলে দিতে পারে হাজারো পরিবারের ভবিষ্যৎ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুসারে মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো পরিমাণ যাকাত, দান বা সাদাকা আয়করমুক্ত। অর্থাৎ মাস্তুল ফাউন্ডেশনে দান করা অর্থ দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে।
