কেনাকাটায় দুর্নীতি হলেও তদন্তের এখতিয়ার ছিল না
ট্রাইব্যুনালে জেরায় ইকবাল করিম
ইকবাল করিম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৮:১৯
| প্রিন্ট সংস্করণ
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জানিয়েছেন, তিনি সেনাপ্রধান থাকাকালীন কেনাকাটায় দুর্নীতি হয়েছিল। তবে বিষয়টি তাঁর এখতিয়ারের বাইরে থাকায় তিনি এ বিষয়ে কোনো তদন্ত করেননি।
সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে গতকাল মঙ্গলবার জেরার মুখে এসব কথা বলেন ইকবাল করিম। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ জেরা সম্পন্ন হয়।
গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত জিয়াউল আহসানের মামলায় এটি ছিল সাবেক সেনাপ্রধানের চতুর্থ দিনের জেরা। এদিন আসামিপক্ষের আইনজীবী আবুল হাসান তাঁকে জেরা করেন। জেরার একপর্যায়ে ইকবাল করিম বলেন, ‘আমি সেনাপ্রধান থাকতে কেনাকাটায় দুর্নীতি হয়েছিল। তবে দুর্নীতির সঙ্গে আমি নিজেও জড়িত ছিলাম বলে তদন্ত করিনি; এ কথাটি সত্য নয়।’
অপর এক প্রশ্নের জবাবে ইকবাল করিম বলেন, সেনাপ্রধানের আদেশ অমান্য করলে সেনা আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। তবে জিয়াউল আহসান র্যাবে কর্মরত থাকায় তাঁর আদেশ অমান্যের জন্য কোনো ‘ওয়ার্নিং’ বা ব্যাখ্যা চাওয়া হয়নি।
আসামিপক্ষের আইনজীবী আবুল হাসান দাবি করেন, সেনাপ্রধান থাকাকালীন ইকবাল করিমের সব বৈধ আদেশই জিয়াউল আহসান মেনে চলেছেন এবং কোনো কিছুই অমান্য করেননি। এর প্রত্যুত্তরে সাবেক সেনাপ্রধান বলেন, ‘জিয়াউল আহসান আমার কোনো বৈধ আদেশ অমান্য করেননি– এ তথ্য সত্য নয়।’
- বিষয় :
- ট্রাইব্যুনাল
