পাঁচ সিটি করপোরেশন
নতুন প্রশাসকদের কাছে দলের নয়, নাগরিকসেবার প্রত্যাশা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৮:০৯
| প্রিন্ট সংস্করণ
আরও পাঁচ সিটি করপোরেশনে গতকাল শনিবার প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এতে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা নাগরিক সেবায় গতি আসার প্রত্যাশা থাকলেও বিশিষ্টজনেরা বলছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই। তারা বলছেন, রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত প্রশাসকরা নাগরিক সেবার চেয়ে রাজনৈতিক দলের সেবা করেন বেশি। এবার যেন তেমনটি না হয়।
রাসিকে ‘তরুণ’ রিটনে চমক
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক পদে সাবেক মেয়র বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলকে দেখা যাবে বলে অনেকে ধারণা করেছিলেন। চমক দেখিয়ে প্রশাসক নিযুক্ত হলেন ‘অপেক্ষাকৃত তরুণ’ নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এলএলবি (অনার্স) করা ৪৮ বছর বয়সী রিটন ২০২৫ সালে নগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এর আগে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর ছাত্রদলের সহসভাপতি, সভাপতি ছিলেন। ২০০১-০২ সালে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। রাজনৈতিক মামলায় তিনবার কারাভোগ করেন।
নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার ও উন্নয়নে কাজ করব। বিভেদ পরিহার করব। দরিদ্রবান্ধব নীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি ও শিল্প খাতের উন্নয়নে অগ্রাধিকার দেব।
রাজশাহী কলেজের শিক্ষার্থী জান্নাতুল মৌ বলেন, আশা করি নতুন প্রশাসক তরুণদের কর্মসংস্থান ও নিরাপদ শহর গড়ে তুলবেন। শহরের অসমাপ্ত কাজগুলো তিনি দ্রুত শেষ করবেন। আলুপট্টি এলাকার ব্যবসায়ী গৌতম ঘোষ বলেন, শহরে অনেক মশা। মশা দ্রুত মারতে হবে। রাস্তাঘাটের নিরাপত্তা দিতে হবে। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারেন।
প্রশাসক নিয়োগের বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজনের রাজশাহী বিভাগীয় সভাপতি আহমেদ সফিউদ্দীন বলেন, অতীতেও রাজনৈতিক বিবেচনায় প্রশাসক ছিলেন। এবারও হলো, এটা নতুন কিছু নয়। তারা এসে নাগরিক সেবার চেয়ে রাজনৈতিক দলের সেবা করে যান। এখন নতুন প্রশাসক নাগরিক সেবার দিকে নজর দেবেন, না রাজনৈতিক কাজে সময় দেবেন এটা দেখার বিষয়। অবশ্যই নির্বাচিত মেয়র থাকা উচিত। এর কোনো বিকল্প নেই।
রাজশাহী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সুমন বলেন, দীর্ঘদিন মেয়র ছিলেন না। সেবার মান ছিল তলানিতে। এখন আশা করি করপোরেশনের সেবার মান বাড়বে।
বিসিসির প্রথম নারী প্রশাসক শিরিন
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) গঠিত হয় ২০০২ সালে। এ পর্যন্ত ৫টি নির্বাচনে নির্বাচিত মেয়রদের সবাই পুরুষ ছিলেন। প্রশাসকের দায়িত্ব পালন করেছেন তিনজন, তারাও পুরুষ। বিলকিস আক্তার জাহান শিরিনকে প্রশাসক নিয়োগের মাধ্যমে এই প্রথম নারী প্রশাসক পেল বিসিসি।
আশির দশকে বরিশাল ছাত্রদলের তুখোড় নেত্রী শিরিন ১৯৯০ সালে বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনে এজিএস হয়ে আলোচনায় আসেন। জেলা বিএনপির সাবেক এই সদস্য সচিব ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সংরক্ষিত আসনের এমপি ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)।
বিলকিস জাহান শিরিন বলেন, বরিশাল নগরীকে একটি সুন্দর শহর করার জন্য আল্লাহর ইচ্ছায় আমি দায়িত্ব পেয়েছি। অর্পিত দায়িত্বের মর্যাদা রক্ষা করা হবে আমার প্রধান কাজ। সুশাসনের জন্য নাগরিক-সুজন বরিশালের সম্পাদক রফিকুল আলম বলেন, বিসিসি প্রশাসক শিরিনকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডের জন্য তিনি ও তাঁর দল যেন বিতর্কিত না হয়।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী বলেন, সাধারণ জনগণ নগর ভবনে তাদের প্রতিনিধি দেখতে চায়। এক্ষেত্রে নির্বাচনই একমাত্র পন্থা। প্রশাসক নিয়োগ দিলেও মেয়াদ দুই-তিন মাসের বেশি হওয়া ঠিক হবে না।
ছাত্রদল-যুবদল হয়ে প্রশাসকের চেয়ারে
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন। তিনি রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি।
মাহফুজ-উন-নবী ডন বলেন, সরকারের নির্দেশনায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি অঙ্গীকারবদ্ধ। সব নেতাকর্মীকে, সর্বোপরি প্রিয় রংপুরবাসীকে সহযোগিতা ও সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই।
সুশাসনের জন্য নাগরিক-সুজন রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে রংপুরসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছিল সেটি ঠিক আছে। দেশে একটি গণতান্ত্রিক সরকার কেবলই গঠন হয়েছে। এই মুহূর্তে নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হলে জনগণের বেশি কাজে আসত।
নগরীর মুন্সিপাড়ার বাসিন্দা বাদশা আলম বলেন, উন্নয়নের দিক থেকে রংপুর পিছিয়ে পড়ার অন্যতম কারণ হলো এখানকার মানুষ বরাবরই সরকারের বিপক্ষে অবস্থান নেয়। এবারে বিএনপি সরকার গঠন করেছে, অথচ রংপুরের ছয়টি আসনের একটিতেও বিএনপি প্রার্থী জয়লাভ করতে পারেনি। তারপরও নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান রংপুর সিটি করপোরেশনে মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় খারাপ হয়নি।
ছাত্রদল দিয়ে শুরু রোকনুজ্জামানের
ময়মনসিংহ সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া রোকনুজ্জামান সরকার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। তিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ছিলেন। ময়মনসিংহ সরকারি কলেজের নির্বাচিত ভিপি ও জিএস হিসেবেও দায়িত্ব পালন করেন।
রোকনুজ্জামান সরকার বলেন, শাসক হিসেবে নয় বরং নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। আজ থেকেই ঘোষণা করছি আমি দাপ্তরিক ফাইলের চেয়ে মাঠের কাজে বেশি গুরুত্ব দেব।
সুশাসনের জন্য নাগরিক-সুজন ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, প্রশাসক না দিয়ে বরং দ্রুত নির্বাচন দেওয়া দরকার। কারণ সিটির সেবা পেতে ওয়ার্ডভিত্তিক সেবাদাতা দরকার। একজন প্রশাসক পুরো নগরবাসীর জন্য কিছুই করতে পারবেন না।
কুমিল্লায় ষষ্ঠ প্রশাসক টিপু
২০১১ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) ষষ্ঠ প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া ইউসুফ মোল্লা টিপু মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি কুমিল্লা পৌর ও শহর ছাত্রদল, দক্ষিণ জেলা ছাত্রদল ও মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। টিপু বিবেক নামের একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান; যেটি করোনাকালে মরদেহ দাফনে দেশব্যাপী আলোচনায় আসে।
ইউসুফ মোল্লা টিপু বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন। আশা করি নগরীকে একটি মডেল নগরী হিসেবে রূপ দিতে পারব।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)
- বিষয় :
- সিটি করপোরেশন
