সেবক হতে চান নতুন প্রশাসকেরা
ময়মনসিংহ সিটির প্রশাসক রোকনুজ্জামান সরকার সোমবার যানজট নিরসনে কাজ করছেন সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
দেশের পাঁচটি সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির পাঁচ নেতা। তারা প্রথম দিনেই প্রশাসক না হয়ে সেবক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বরিশাল, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কথা জানানো হয়।
নিরাপদ বরিশালের আশ্বাস শিরিনের
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো অন্যায় আমাকে স্পর্শ করতে পারেনি। বরিশালবাসী দুর্নীতিমুক্ত নগর ভবন দেখতে চায়। আপনাদের সহযোগিতা নিয়ে আমি বরিশালকে গড়তে চাই। আমার কন্যা-সন্তান যাতে নিরাপদে বেড়ে উঠতে পারে, সেই রকম একটি শহর গড়ার অঙ্গীকার আমি ব্যক্তি করছি।’
সোমবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিসিসি আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান বিলকিস আক্তার জাহান শিরিন। পরে বিসিসির অডিটোরিয়ামে দায়িত্ব বুঝে নেন তিনি।
কুসিক দুর্নীতিমুক্ত করতে চান টিপু
কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন নতুন প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেছেন, ‘এ সিটি করপোরেশন বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। কিন্তু আজ থেকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিচ্ছি। ইনশাল্লাহ আমি নীতি-নৈতিকতা, সততা ও আদর্শ দিয়ে এ সিটি করপোরেশনকে পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করব, নগরবাসীর সেবার কেন্দ্রস্থলে পরিণত করব।’
সোমবার দুপুরে করপোরেশনের দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ইউসুফ মোল্লা টিপু। দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আপনাদের হয় দুর্নীতি ছাড়তে হবে, অন্যথায় কুমিল্লা সিটি করপোরেশন ছেড়ে পছন্দের জায়গায় চলে যেতে হবে।’
পরিচ্ছন্ন রাজশাহীর আশ্বাস রিটনের
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসকের দায়িত্ব নিয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বর্তমানে নগরী অপরিচ্ছন্ন রয়েছে, সেটা ঈদের আগেই পরিচ্ছন্ন করতে চাই। এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থা খারাপ, জলাবদ্ধতা নিরসনে কাজ করব।’
সোমবার দুপুরে দায়িত্ব বুঝে নিয়ে নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন আরও বলেন, ‘প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই।’
ময়মনসিংহের সড়কে রোকন
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসকের দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সড়কে অভিযান শুরু করেছেন মো. রোকনুজ্জামান সরকার। সোমবার দুপুরে নগরীর প্রধান পয়েন্টে যানজট নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ফুটপাত দখলমুক্ত করতে নেমে পড়েন। তিনি গাঙ্গিনারপাড়, নতুন বাজার, ত্রিশাল বাসস্ট্যান্ড ও চরপাড়া এলাকা পরিদর্শনে যান। এদিন সকাল ১০টায় নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মীর কাছ থেকে প্রশাসকের দায়িত্ব বুঝে নেন রোকনুজ্জামান সরকার।
রংপুরে বৈষম্য চান না ডন
রংপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়ে অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, ‘প্রশাসক হিসেবে আমার প্রথম কাজ হবে বৈষম্য দূর করা। আমার সঙ্গে যারা থাকবেন তারা যেমন নিরাপদ থাকবেন, তেমনি যারা আমার সঙ্গে থাকবেন না তারাও নিরাপদ থাকবেন। কারও প্রতি কোনো প্রকার বৈষম্য দেখানো হবে না।’
সোমবার সকালে নগর ভবনে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। দলমতের ঊর্ধ্বে থেকে নাগরিকদের প্রাপ্য সুবিধা দেওয়ারও আশ্বাস দেন।
- বিষয় :
- প্রশাসক
