ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ০৮:৩৬
| প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ব্যবহৃত সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ অভিযোগে গত মঙ্গলবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ওসি মো. মনিরুজ্জামান গতকাল বুধবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গত ১৮ মার্চ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।
শাহবাগ থানায় জিডি করার বিষয়টি জানিয়েছেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাহমুদুল হাসান। জিডিতে বলা হয়, বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ১৮ মার্চ কে বা কারা হ্যাক করে। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ব্যাপারে প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, অসতর্কভাবে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ ইনস্টল করার কারণে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটতে পারে। বিচারপতির মোবাইল ফোনটি এরই মধ্যে সুরক্ষিত করা গেছে, তবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখনও পুরোপুরি উদ্ধার করা যায়নি।
- বিষয় :
- ট্রাইব্যুনাল
