সংসদে মন্ত্রী
আবাসিকে গ্যাস সংযোগের পরিকল্পনা নেই
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:২৬
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে গ্যাসের উৎপাদন ক্রমান্নয়ে কমার কারণে আমদানি করা এলএনজিসহ গ্যাস সরবরাহ দেশের সার্বিক চাহিদার তুলনায় বর্তমানে কম। দেশে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস ঘাটতি হচ্ছে। ফলে সকল এলাকায় চাহিদা অনুযায়ী গ্যাসের বিতরণ কিছুটা ব্যাহত হচ্ছে। এ কারণে বর্তমানে ও ভবিষ্যতে আবাসিক গ্যাস সংযোগের কোনো পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এর আগে বিকাল সাড়ে তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণিতে নতুন গ্যাস সংযোগ প্রদান স্থগিত রয়েছে। তবে শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে শর্তাধীনে নতুন সংযোগ চালু রয়েছে।
জামালপুর-২ আসনের এমপি সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে গ্যাস সংকট নিরসনে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আগামী এক বছরে ১১টি কূপ খনন ও ওয়ার্কওভারের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পেট্রোবাংলার মহাপরিকল্পনার আওতায় সকল কূপ খনন কাজের সফল সমাপ্তিতে আনুমানিক এক হাজার ৫৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।
