ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিকদের চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রায় বাতিল চেয়ে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল

শেখ হাসিনার রায় বাতিল চেয়ে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ০৮:১৭ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় বাতিল চেয়ে কোনো চিঠি ট্রাইব্যুনাল পায়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এমন কোনো চিঠি আইসিটিতে পাঠানো হলে তা আদালত অবমাননাকর বলে জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, এ রকম চিঠি দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই।

স্পষ্ট ভাষায় আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এ রকম কোনো চিঠি আসেনি। বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, এ রকম একটা চিঠি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। এ ধরনের কোনো চিঠি এলে ওই আইনি সেবাদাতা প্রতিষ্ঠান এবং যাদের পক্ষে আসবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 
তিনি বলেন, ‘আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন অনেক প্রভাবশালী অপরাধীর বিচার চলছে, তখন এগুলো যুক্তরাজ্যের কিংসলে ফিংসলে ল ফার্মের নাম দিয়ে আমাদের সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা। আমার মনে হয়, এটি ভিত্তিহীন বিষয়।’

চিফ প্রসিকিউটর বলেন, “ট্রাইব্যুনালের কোনো বিচারককে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে কি ‘ডিয়ার আইসিটি’ বলবে, নাকি ‘অনারেবল জজ’? যদি ব্রিটিশ ল ফার্মের পক্ষ থেকে হয়, তাহলে তাদের তো এটুকু জানার কথা। এটা তো মনে হচ্ছে একেবারে একটা ভুয়া চিঠি। কিংবা কোনো ভুয়া ল ফার্ম দেশ থেকে হচ্ছে কিনা; কেরানীগঞ্জ-জিঞ্জিরা থেকে হচ্ছে কিনা, তা বলা যাচ্ছে না।”
চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব উড়ো চিঠি পাঠানো হচ্ছে। আমরা এগুলো আমলে নিচ্ছি না। আমরা এসব নিয়ে উদ্বিগ্নও নই। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে। আমরা যারা প্রসিকিউশনে কাজ করছি, এগুলো নিয়ে কথা বলা বা চিন্তা করার সময় নেই।’ তবে লন্ডনভিত্তিক ওই ল ফার্মের কোনো অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া গেলে কিংবা কোনো ব্যক্তি বা সংস্থার অস্তিত্ব পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত ৩০ মার্চ শেখ হাসিনার পক্ষে রায় বাতিলের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইমেইলে চিঠি পাঠানোর দাবি করেন যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী কিংসলি ন্যাপলি।

আরও পড়ুন

×