বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন
ভোটের মাঠে থাকছেন চার বিচারক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ০৭:২৪
বিভিন্ন নির্বাচনী অপরাধের শাস্তি আমলে নিয়ে দ্রুত বিচার করতে বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে চারজন বিচারককে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ থেকে ১১ এপ্রিল দায়িত্ব পালন করবেন তারা।
গতকাল রোববার ইসি আইন শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইনের স্বাক্ষরে ইতোমধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দুই আসনের নির্বাচনে দায়িত্ব পালনে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও কামাল হোসেন এবং শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন ও হাসান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রুত বিচার করবেন। একইসঙ্গে প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠাবেন।
এর আগে দুই আসনের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক নিয়োগ করা হয়। একই পদ্ধতিতে তারাও নির্বাচনী অপরাধের বিচার করতে পারবেন। অন্যদিকে নির্বাচনী আচরণ প্রতিপালন নিশ্চিতে মাঠে রয়েছে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। তারা বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করতে পারবেন।
৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
অমোচনীয় কালি ব্যবহারের নতুন নির্দেশনা
বগুড়া-৬ আসনের উপনির্বাচন সামনে রেখে অমোচনীয় কালি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে ইসি। নির্দেশনা অনুযায়ী পূর্ববর্তী নির্বাচনে কোনো ভোটারের আঙুলে কালি থাকার ক্ষেত্রে ভোটগ্রহণে জটিলতা এড়াতে অন্য আঙুলে কালি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। ইতোমধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
গতকাল নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। নির্দেশনায় বলা হয়, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটারদের ব্যালট পেপার দেওয়ার আগে আবশ্যিকভাবে হাতের আঙুলে অমোচনীয় কালি ব্যবহারের বিধান রয়েছে।
- বিষয় :
- উপনির্বাচন
