ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট

সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট
×

জাতীয় সংসদ অধিবেশন থেকে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের ওয়াকআউট (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ২০:৩৭

সংসদের বিশেষ কমিটিতে যে ৯৮টি অধ্যাদেশ হুবহু পাসের সমঝোতা হয়েছিল, তা ভঙ্গ করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ শেষ সময়ে সংশোধন করায় সরকারি দলের বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ করেছে বিরোধী দল। এরপর আর বিশ্বাস কোথায় থাকল? প্রশ্ন তুলে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সংসদের বৈঠক থেকে ওয়াকআউট করে জামায়াত-এনসিপির এমপিরা। 

সমঝোতা ভঙ্গের অভিযোগ মেনে নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে দুজনেই বলেন, ‘সরকার নয়, সরকারি দলের একজন এমপি সংশোধনী প্রস্তাব আনেন। সরকারের এতে কিছু করার ছিল না।’

তখন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘গুম প্রতিরোধ, গণভোটসহ যে ১৬ অধ্যাদেশ পাস করা হবে না, সেগুলোর ওপরও আলোচনা হবে। বিশেষ কমিটি এবং কার্যউপদেষ্টা কমিটিতে এই সমঝোতা হয়েছিল। কিন্তু সমঝোতা রক্ষা করা হয়নি।’ 

এই পর্যায়ে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে বলেন, ‘বাজেট অধিবেশনে ১৬টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে।’ 

এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুই দফায় ফ্লোর নিয়ে বলেন, ‘যে ৯৮টি অধ্যাদেশ পরিবর্তন, সংশোধন ছাড়া পাসের সমঝোতা হয়েছিল- এর মধ্যে ছিল, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’। বিরোধী দল সমঝোতা রক্ষা করে অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে সহযোগিতা করেছে। কিন্তু জাদুঘর অধ্যাদেশ নিয়ে দিনেদুপুর ছলচাতুরি, জোচ্চরি করা হয়েছে। 

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে উদ্দেশ্য করে স্পিকার জানতে চান, বিশেষ কমিটিতে সমঝোতা হয়েছিল ৯৮টি অধ্যাদেশ হুবহু পাস করা হবে। যে বিলটিতে সংশোধন করা হয়েছে, তাতে কী সমঝোতা ভঙ্গ করা হয়েছে?

মন্ত্রী তখন বলেন, সংশোধনী যে আসবে, তা আমরাও জানতাম না। তবে তিনি বক্তৃতায় স্পষ্ট করেননি, বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ করা হয়েছে কিনা। 

স্পিকার তখন আইনমন্ত্রীর কাছে জানতে চান, সমঝোতা ভঙ্গের অভিযোগ ঠিক কিনা? আইনমন্ত্রী বলেন, এটুকু ঠিক আছে। তবে একজন এমপির সংশোধনী দেওয়ার অধিকার আছে। তিনি আধাঘণ্টা আগে সংশোধনী এনেছেন। 

এই বক্তব্যের পর সরকার এবং বিরোধী দলের মধ্যে আধাঘণ্টা ধরে বাহাস হয়। এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সমঝোতা ভঙ্গের দুঃখ নিয়ে ওয়াকআউট করছি।’ 

স্পিকার এই পর্যায়ে বলেন, ‘আপনারা যদি আগে থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কিছু বলার নেই।’ 

তখন বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই কথায় আরও দুঃখ পেলাম। আপনার কাছে নিরপেক্ষতা আশা করেছিলাম।’ 

ওয়াকআউট করার সময় হাসানত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা ‘প্রতারণা, প্রতারণা’ বলে স্লোগান দেন।

আরও পড়ুন

×