আলোচনা সভায় নুর আহমদ বকুল
বৈষম্যমুক্ত সমাজ গড়তে যুব আন্দোলনের বিকল্প নেই
ছবি: সমকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ২০:৩২
মহান মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা, বৈষম্য নিরসন এবং সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের মাধ্যমেই আগামী দিনের যুব আন্দোলনের পথ প্রশস্ত হবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল।
শুক্রবার রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে যুব মৈত্রীর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে নুর আহমদ বকুল সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি বলেন, নব্বয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ যুব মৈত্রী আগামী দিনেও দেশের সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন উপস্থিত নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে যুবনেতা শহীদ রাসেল আহমেদ খানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ও বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান দেশকে একটি গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘রাষ্ট্রকে অবশ্যই বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত প্রত্যেক বেকার যুবকের জন্য বেকার ভাতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’
সংগঠনের সাধারণ সম্পাদক তাপস দাসের সঞ্চালনায় আলোচনা সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- সংগঠনের সাবেক সভাপতি সাদাকাত হোসেন খান বাবুল, মোস্তফা আলমগীর রতন, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফজলু, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ মিনার, কায়সার আলম, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব ও যুব ঐক্যের সভাপতি মিনহাজ সেলিম। সংবাদ বিজ্ঞপ্তি
