চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ওয়াকার-উজ-জামান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৭:৩০
| প্রিন্ট সংস্করণ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত রোববার তিনি মালয়েশিয়া পৌঁছান। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সেনাপ্রধান গতকাল প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (এনএটিএসইসি এশিয়া) ২০২৬ এক্সিবিশন পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এই প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে। সেনাপ্রধান আজ ‘অষ্টম পুত্রজায়া ফোরামে’ অংশ নেবেন।
এই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
- বিষয় :
- সেনাপ্রধান
