সুপ্রিম কোর্ট সচিবালয় বহাল রাখতে রিটের শুনানি মুলতবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৮:৪৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১১:৩৯
| প্রিন্ট সংস্করণ
বিচার বিভাগের জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় বহাল রাখতে করা রিটের শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেভাবে আছে, সেভাবে রাখতে সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন আদালত।
বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার আদেশটি দেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, সংসদ তার স্বতন্ত্র ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিত করেছে। এদিন সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির সময় সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি আদালত কর্তৃপক্ষ।
অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেনসহ সাতজন জনস্বার্থে এ রিট করেন।
তবে হাইকোর্ট এখনই এ বিষয়ে বিস্তারিত শুনানিতে যাচ্ছে না। এ বিষয়ে রায় হওয়া আরেকটি রিট মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিষয়টি অপেক্ষমাণ রাখা হবে। ততদিন পর্যন্ত এ রিট মামলা কার্যতালিকায় থাকবে।
পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘আমাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে, যেহেতু রিটটি আপিল বিভাগে এবং আপিল দায়েরের প্রক্রিয়া আমাদের পক্ষ থেকে প্রক্রিয়াধীন, সুতরাং ওটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলাটার শুনানি করা উচিত হবে না।’
রিটকারীর আইনজীবী শিশির মনির বলেন, রাষ্ট্রপক্ষ বলেছেন, তারা শিগগিরই আপিল করবেন। আদালতের প্রত্যাশা, এখানকার যে সমস্ত অবকাঠামো আছে, এগুলোকে যেন বিচার বিভাগের, সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে সরিয়ে ফেলা না হয়।
সাত আইনজীবীর করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট গত বছরের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে নির্দেশ দেন। হাইকোর্ট ওই রায় ঘোষণার পর ২০২৫ সালের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়।
গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। সেদিন অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল করবে রাষ্ট্রপক্ষ। সেই আপিল নিষ্পত্তি পর্যন্ত এই রিটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ওই দিনই সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করে।
বদিউল আলম মজুমদারের আপিল
বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হাইকোর্টের দেওয়া রায় বাস্তবায়ন করতে সিভিল আপিল দায়ের করেছেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। আপিলটি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের স্থিতাবস্থা বজায় রাখা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (বিলুপ্ত) আইন-২০২৬ এর ধারা ২ (২) (ক), (খ) ও (গ) ধারা ২ (৩) এবং ধারা ২ (৪) এর কার্যকারিতা স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে।
- বিষয় :
- সুপ্রিম কোর্ট
- রিট
- রিট শুনানি
