ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যান্সার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা: তদন্ত ও শাস্তির দাবিতে ড্যাবের আলটিমেটাম

ক্যান্সার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা: তদন্ত ও শাস্তির দাবিতে ড্যাবের আলটিমেটাম
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৬:৪৭

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) উপপরিচালক ডা. আহমেদ হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটি এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সোমবার ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন।

নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা

বিবৃতিতে ড্যাব নেতারা অভিযোগ করেন, মহাখালীস্থ ক্যান্সার হাসপাতাল, টিবি, লেপ্রোসি ও বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় একদল দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে জায়গা দখল, চাঁদাবাজি এবং কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে আসছে। চিকিৎসকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী জামালকে গুলি করে হত্যা এবং এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে বলে সংগঠনটি মনে করে।

যেভাবে হামলা হলো

হাসপাতাল সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে অফিস শেষ করে বাসায় ফিরছিলেন ডা. আহমেদ হোসেন। মহাখালীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রশাসনের প্রতি আহ্বান

ড্যাবের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিবৃতিতে হাসপাতালের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। এদিকে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল সামাজিক যোগাযোগমাধ্যমেও এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি তুলেছেন।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×