ন্যায়, সুশাসন ও নাগরিক অধিকারের লক্ষ্যে ‘গ্রিট’-এর যাত্রা শুরু
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৬:৩৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১৭:৪৫
ন্যায়, সুশাসন, নাগরিক অধিকার ও ইতিবাচক সামাজিক রূপান্তরের প্রত্যয়ে নতুন প্ল্যাটফর্ম “গ্রিট” (গ্রোথ, রিজিল্যান্স, ইন্টিগ্রিটি ও ট্রান্সফরমেশন)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক খাতুনে জান্নাত দিয়া। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও প্রগতিশীল সমাজ গঠনে “গ্রিট” কাজ করবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থা, নৈতিকতা ও টেকসই উন্নয়নের সেতুবন্ধন তৈরি করাই হবে এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন এবং আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। এছাড়া বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদও উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক মর্যাদা, অধিকার ও সেবা প্রসঙ্গে আলোচনা করেন সংগঠনের পরিচালক নুরুন্নাহার নুপুর ও মো. হেদায়তুল আজিজ মুন্না।
সংগঠনের প্রধান উপদেষ্টা মাহমুদা হাবীবা “গ্রিট”এর সাফল্য কামনা করে ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। তিনি বলেন, “গ্রিট” একটি ন্যায়সংগত, জ্ঞানভিত্তিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে। তিনি সংগঠনের লক্ষ্য হিসেবে গণস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সহায়তা, নারীর ক্ষমতায়ন, অনলাইন ও অফলাইনে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে পরিচালক (অপারেশন) আহসান হাবিব রায়হান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক নিলুফার ইয়াসমিন টুম্পা এবং সদস্য মামুনুর রশীদ সৈকত।
- বিষয় :
- সংগঠন
