ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুরের মূর্ছনায় বাঙালির বৈশাখী পুনর্মিলনী

সুরের মূর্ছনায় বাঙালির বৈশাখী পুনর্মিলনী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০১:০৩

পহেলা বৈশাখের রেশ যেন ফুরাবার নয়। বাঙালির চিরায়ত উৎসবের সেই আনন্দকে আরও একবার ঝালিয়ে নিতে বর্ণিল সাজে অনুষ্ঠিত হলো বৈশাখী পুনর্মিলনী ১৪৩৩। বাংলা ভুবন ঐকতানের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলা বাঙালি জাতিসত্তার এক অসাম্প্রদায়িক উদযাপনে রূপ নিয়েছিল। 

শুক্রবার রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সকাল থেকেই জমে ওঠে এই প্রাণের স্পন্দন। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুরের মূর্ছনা, কবিতার ছন্দ আর স্মৃতিচারণে মুখর ছিল পুরো প্রাঙ্গণ। 

কানিজ গোফরানী কোরায়শী কান্তির সঞ্চালনায় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। গানের ডালি নিয়ে হাজির হয়েছিলেন শিল্পী মনির চৌধুরী, রোজী আক্তার, ফেরদৌস পারভীন, সেলিনা আফরোজ, গাজী মৈত্রী ইসলাম ও ওস্তাদ প্রদীপ মহন্ত। তাদের পরিবেশিত গানের সুর দর্শকদের হৃদয়ে দোলা দিয়ে যায়।

সুরের পাশাপাশি ছিল কবিতার শৈল্পিক উপস্থাপন। আবৃত্তি পরিবেশন করেন সুবর্ণা আরেফিন, সমাপিকা হালদার এবং তরুণ আবৃত্তিশিল্পী প্রিয়। তাদের দরাজ কণ্ঠের আবৃত্তি শ্রোতাদের মুগ্ধ করে রাখে, যার প্রতিধ্বনি ফুটে ওঠে দর্শকদের করতালিতে। 

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথিদের আপ্যায়ন করা হয় একদম খাঁটি দেশীয় স্বাদ দিয়ে। ছিল গরম ভাত, নানা পদের ভর্তা, মাছ ভাজা আর মিষ্টিমুখ করার জন্য ছিল দই ও মিষ্টান্ন। মাটির টানমাখা এই খাবারগুলো আয়োজনে এক টুকরো গ্রামবাংলার আবহ তৈরি করেছিল। 

আনন্দের এই আবহের মাঝেই স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। অনুষ্ঠানের শুরুতে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহার সদ্য প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া ঐতিহাসিক খাপড়া জেল হত্যার শহীদদের প্রতিও জানানো হয় বিনম্র শ্রদ্ধা। 

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন কেবল আনন্দই দেয় না, বরং আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও জাতিসত্তার চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। বৈশাখী এই পুনর্মিলনী বাঙালির ঐক্য আর শিকড়ের দিকে ফিরে তাকানোর এক নিরন্তর প্রচেষ্টায় পরিণত হয়েছিল।

আরও পড়ুন

×