জাতীয় আইন সহায়তা দিবস আজ
আইনগত সহায়তা অধিদপ্তরের যাত্রা শুরু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৭:৩৯
| প্রিন্ট সংস্করণ
দরিদ্র মানুষকে বিনা পয়সায় আইনি সহায়তা দিতে সরকারি ব্যবস্থার পরিধি বেড়েছে। জনমুখী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা; গরিব-অসহায়দের আইনি অধিকারপ্রাপ্তি নিশ্চিত করা; কম খরচে মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর যাত্রা শুরু করেছে।
নবগঠিত এ প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মামলা পরিচালনার পাশাপাশি যে কোনো বিচারপ্রার্থীকে আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় গত বছর জুনে লিগ্যাল এইড আইন সংশোধন করতে অধ্যাদেশ জারি করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম জাতীয় সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস করা হয়। এর মাধ্যমে জাতীয় আইনি সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে উন্নীত করা হয়েছে। নেওয়া হয়েছে শ্রমিকদের আইনি সহায়তার জন্য আইন সেল স্থাপনসহ নানা পদক্ষেপ। লিগ্যাল এইড (আইনগত সহায়তা) অফিসের সক্ষমতা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটা বর্তমান সরকারের বড় অর্জন।
সংশোধিত আইনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা বিলুপ্ত করে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের প্রধান করা হয়েছে একজন মহাপরিচালককে। আগে ছিলেন একজন পরিচালক, যার পদমর্যাদা জেলা ও দায়রা জজ পর্যায়ের। বিদ্যমান আইনে সংস্থা পরিচালনার জন্য জাতীয় পরিচালনা বোর্ড রয়েছে। আরও ঢেলে সাজানো হয়েছে আইনি সহায়তা কার্যক্রমকে।
এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য– ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে র্যালি, আলোচনা সভা, মাইকিং, লিগ্যাল এইড মেলা, হেলথ ক্যাম্প, ডকুমেন্টারি প্রদর্শনসহ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মিন্টো রোডে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করবেন।
- বিষয় :
- দিবস আজ
