ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোলটেবিল বৈঠকে বক্তারা 

জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিবিদ নিয়োগের দাবি

জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিবিদ নিয়োগের দাবি
×

ডিআরইউতে গোলটেবিল বৈঠক

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১২:৪০

বাংলাদেশে বিদ্যমান অপুষ্টি, অতিপুষ্টি ও খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টিবিদদের আইনগত স্বীকৃতি ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে। বক্তারা বলেছেন, প্রতিটি জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিবিদ নিয়োগ দেওয়া এখন সময়ের দাবি। পুষ্টিবিদদের পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান কাঠামো এবং নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে অস্পষ্টতা রয়েছে, তা দ্রুত দূর করতে হবে। 

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ড. মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে পুষ্টি সমস্যা সমাধানে পুষ্টিবিদদের ভূমিকা অপরিসীম। সরকারি স্বাস্থ্য কাঠামোতে পুষ্টিবিদদের যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। ভবিষ্যতে এই সংকট মোকাবিলায় পুষ্টিবিদদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

বিশিষ্ট পুষ্টিবিদ ড. এস কে রয় বলেন, সরকারিভাবে পুষ্টিবিদদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন এখন সময়ের দাবি। তিনি পুষ্টিবিদদের আরও বেশি গবেষণা এবং স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরামর্শ দেন। 

পথিকৃৎ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের পরিচালক অধ্যাপক লিয়াকত আলী বলেন, বাংলাদেশের পুষ্টি ও স্বাস্থ্য খাতে পুষ্টিবিদদের ব্যাপক অংশগ্রহণের জন্য দ্রুত আইনগত স্বীকৃতি দরকার। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ চালু আছে, সব জায়গার কারিকুলাম একই হওয়া উচিত। এতে সবার মান উন্নয়ন হবে এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। 

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাইয়া শাহনাজ বলেন, দেশে অপুষ্টি, অতিপুষ্টি, মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি এবং খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে পুষ্টিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তাদের পেশাগত স্বীকৃতি ও মানদণ্ডের এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান (ল্যাব) শ্যামল কুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তানজিনা রহমান ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের অধ্যাপক ফারজানা সালেহ প্রমুখ। বৈঠকে ডায়েটিশিয়ান হিসেবে আরও উপস্থিত ছিলেন তাসনিম হাসিন, সৈয়দা লিয়াকত, রেবেকা সুলতানা, ইসরাত জাহান, শামসুন নাহার মহুয়া, আয়েশা সিদ্দীকা, আখতারুন নাহার আলো প্রমুখ। 

আরও পড়ুন

×