ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিনামূল্যে স্কুল ড্রেস কর্মসূচি শুরু হচ্ছে জুলাইয়ে

বিনামূল্যে স্কুল ড্রেস কর্মসূচি শুরু হচ্ছে জুলাইয়ে
×

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৫২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১১:০১

| প্রিন্ট সংস্করণ

আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের আটটি বিভাগের ২৫টি উপজেলা ও থানার তিন হাজার ৫২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু হবে। প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে সরকারের ছয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা অংশ নেন। সভায় পোশাকের রং, নকশা, জুতার ধরন এবং পাটের তৈরি স্কুলব্যাগের নমুনাও উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের নেতারাও এতে উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের বলেন, সরকার শিক্ষার্থীদের মধ্যে সমতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই কর্মসূচি হাতে নিয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতও এতে সহযোগিতা করছে। বিজিএমইএ ইতোমধ্যে এক লাখ শিক্ষার্থীর জন্য পোশাক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ভবিষ্যতে আরও সহযোগিতা পেলে ধীরে ধীরে সব শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা সম্ভব হবে।

এই কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যুক্ত থাকবে। শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বেসরকারি অংশীদারদের সমন্বয়ে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা হবে।

প্রথমে সরকারি বিদ্যালয়, পরে ইবতেদায়ি ও মাধ্যমিক
শিক্ষামন্ত্রী জানান, প্রথম ধাপে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে। এরপর ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে। পরে পর্যায়ক্রমে বেসরকারি বিদ্যালয় এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্যও একই কর্মসূচি চালু করা হবে। তিনি বলেন, এটি একটি পাইলট প্রকল্প। শুরুতে আমরা সীমিত পরিসরে চালু করছি। অভিজ্ঞতা ও সক্ষমতা বাড়লে পরবর্তী সময় কর্মসূচির পরিধি বাড়ানো হবে।

এক শিক্ষার্থী পাবে এক সেট
পাইলট প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি শ্রেণিতে এক সেট স্কুল ড্রেস, একজোড়া জুতা এবং একটি স্কুলব্যাগ পাবে। ভবিষ্যতে প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী একাধিক সেট দেওয়ার বিষয়টিও বিবেচনা করবে সরকার। 

একই নকশার পোশাক
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একই ধরনের পোশাক নির্ধারণ করা হয়েছে। ছেলেদের জন্য হালকা নীল জামা ও গাঢ় নীল হাফপ্যান্ট এবং মেয়েদের জন্য আকাশি রঙের ফ্রক বা টিউনিক নির্ধারণ করা হয়েছে। সবার জন্য থাকবে সাদা জুতা ও সাদা মোজা। ব্যাগ তৈরি করা হবে পাট দিয়ে, যাতে দেশীয় পণ্যের ব্যবহারও উৎসাহিত হয়।

২৫ উপজেলায় শুরু
প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নির্বাচিত ২৫টি উপজেলা ও থানায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব এলাকার প্রথম শ্রেণির মোট ৯৯ হাজার ৮৮৩ শিক্ষার্থী বিনামূল্যে ড্রেস, জুতা ও ব্যাগ পাবে। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ২০২ জন এবং ছাত্রী ৫২ হাজার ৬৮১ জন।
গতকালের সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×