স্কোলিওসিস গবেষণার সর্বোচ্চ ফেলোশিপ পেলেন ডা. শরীফ
ডা. শরীফ আহমেদ জুনায়েদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২০:৩২
বাংলাদেশের স্পাইন সার্জারির অঙ্গনে নতুন ইতিহাস গড়লেন ডা. শরীফ আহমেদ জুনায়েদ। তিনি প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে স্কোলিওসিস গবেষণা ও চিকিৎসায় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘রবার্ট বি. উইন্টার গ্লোবাল আউটরিচ ফেলোশিপ-২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন। ফেলোশিপটি প্রদান করে স্কোলিওসিস রিসার্চ সোসাইটি (এসআরএস), যা মেরুদণ্ডের বক্রতা বা স্কোলিওসিস বিষয়ক গবেষণা ও চিকিৎসায় বিশ্বের শীর্ষ পেশাজীবী সংগঠন হিসেবে স্বীকৃত।
ডা. জুনায়েদ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর)-এর স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। সীমিত সুযোগ-সুবিধা ও বিপুল রোগীচাপের মধ্যেও তার নেতৃত্বে নিটোরে নিয়মিত জটিল স্কোলিওসিস অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হচ্ছে।
এসআরএসের এই ফেলোশিপ মূলত স্বল্পোন্নত দেশের প্রতিশ্রুতিশীল সার্জনদের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ দেয়। ৪ থেকে ৬ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিতে ডা. জুনায়েদের ভ্রমণ, আবাসন ও অন্যান্য ব্যয় বাবদ সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার সহায়তা দেবে সংগঠনটি।
এই অর্জনের জন্য ডা. জুনায়েদ তার দেশি-বিদেশি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক লরেন্স লেঙ্কে (যুক্তরাষ্ট্র), অধ্যাপক স্টিফেন লুইস (কানাডা), অধ্যাপক কুনিয়োশি আবুমি (জাপান), প্রফেসর রাজশেখরন (ভারত), অধ্যাপক কে. ভি. মেনন (ভারত) ও অধ্যাপক শাহ আলম (বাংলাদেশ)।
ডা. জুনায়েদ বলেন, এই ফেলোশিপ তিনি উৎসর্গ করেছেন স্কোলিওসিসে আক্রান্ত রোগী, তাদের পরিবার এবং নিটোরের সহকর্মীদের প্রতি। একই সঙ্গে দেশে স্কোলিওসিস চিকিৎসার মান উন্নয়নে ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থার সহায়তা কামনা করেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, দেশে স্কোলিওসিস চিকিৎসা সম্প্রসারণে আধুনিক যন্ত্রপাতি, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা এবং একটি বিশেষায়িত স্কোলিওসিস ক্লিনিক প্রতিষ্ঠা এখন জরুরি।
