ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন ১৩ প্রকল্পের উদ্যোগ

প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন ১৩ প্রকল্পের উদ্যোগ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৫:০৪

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে ১৩টি নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে নেওয়া এসব প্রকল্প ইতোমধ্যে ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে।

গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠকে তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্ধারিত সময়সীমা মেনে চলার ওপর গুরুত্ব দেন।

পরিকল্পিত ১৩টি প্রকল্পের মধ্যে আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন, মডেল স্কুল ও সিটি করপোরেশনভিত্তিক অবকাঠামো উন্নয়ন, জরাজীর্ণ বিদ্যালয় পুনর্নির্মাণ, খেলাধুলার মাঠ উন্নয়ন, প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ আকর্ষণীয়ভাবে সাজানো, মিড-ডে মিল কর্মসূচির দ্বিতীয় পর্যায়, নেক্সটজেন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, পার্বত্য অঞ্চলের বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ স্থাপন, ঢাকা মহানগরীর বিদ্যালয় উন্নয়ন, পিটিআই অবকাঠামো উন্নয়ন এবং ইউনিয়ন মডেল স্কুল উন্নয়ন প্রকল্প।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর সামগ্রিক বিকাশের ভিত্তি। তাই দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, প্রাক-প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষক প্রশিক্ষণ জোরদারে এসব প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি বলেন, শহর, গ্রাম ও পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি)-৫ নিয়েও আলোচনা হয় বৈঠকে। এ প্রকল্পের আওতায় শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

×