ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৯:১৬ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১১:৩৪

| প্রিন্ট সংস্করণ

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,  ‘আগেও বলেছি, এখনও বলছি, আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার।’

গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে তাঁর মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য অধিবেশন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। 

গতকাল ১৪টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ডিসিদের লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা। অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এ ছাড়া বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসকরা। রাতে নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘ডিসি সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকরা কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেই পরামর্শগুলো গ্রহণ করেছি।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা হচ্ছে বেসিক তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র শক্তিশালী হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। আমাদের সরকারের বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যে কর্মসূচি নিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা দায়িত্বে রয়েছেন, তারা সেসব বাস্তবায়ন করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ, জনগণই হচ্ছে এই দেশের মালিক।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গত দুই বছর আমরা দেখেছি, স্থানীয় পর্যায়ে যেসব রাস্তাঘাট আছে, অবকাঠামো আছে, সেসবের সংস্কারের প্রতি নজর দেওয়া হয়নি। সামগ্রিকভাবে যেটা দেখেছি, গত ১৬ বছরে স্থানীয় সরকারের কমিউনিকেশনের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই
ডিসিদের সঙ্গে আলোচনা শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গ্রামে প্রকৃত অর্থে ‘কোনো লোডশেডিং নেই’। পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তবে লাইন ঠিক হলে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।

সততা ও নিষ্ঠার সঙ্গে ডিসিদের কাজ করতে বললেন প্রধান বিচারপতি
ডিসিদের সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশের সব বিভাগীয় কমিশনার ও ডিসির সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। ক্ষমতার এই পরিবর্তন, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে এর কোনো প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো বদল আসবে না।’ শামা ওবায়েদ বলেন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বর্ডার একই থাকবে। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতি আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসির নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোব।

এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, মন্ত্রণালয় থেকে নেওয়া সরকারি সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন ডিসিরা। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে ডিসিদের উৎসাহ দেওয়া হয়েছে। 

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে ডরমিটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ চলছে। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম সহজ করতে সমন্বিত অফিস ভবন নির্মাণ, বিদ্যমান ভবন সংস্কার এবং নতুন ভবন নির্মাণ কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×