দুর্নীতির অনুসন্ধানে বড় বাধা হয়ে উঠছে তথ্যদাতার সংকট: বদরুদ্দোজা বাবু
বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স
বদরুদ্দোজা বাবু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৮:৫৭
সাংবাদিক বদরুদ্দোজা বাবু বলেছেন, বর্তমানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকরা নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে বড় প্রকল্পভিত্তিক দুর্নীতির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রায় সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়ে পড়ায় নির্ভরযোগ্য তথ্যদাতা বা ‘হুইসেলব্লোয়ার’ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। শুক্রবার রাজধানীর র্যাডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ এ তিনি এ কথা বলেন।
বদরুদ্দোজা বাবু বলেন, তিনি ২০১৯ সালে হাসপাতাল খাতের কেনাকাটা ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। সেই অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করতে গিয়ে তিনি বলেন, এখন মেগা প্রকল্পের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ নথিপত্র পাওয়া গেলেও প্রকৃত তথ্য নিশ্চিত করার মতো ভেতরের কাউকে পাওয়া যাচ্ছে না। তার ভাষায়, ‘আমাদের দেশে অনেক সময় প্রতিবেদনে শুধু বলা হয় দুর্নীতি হয়েছে। কিন্তু কেন এবং কীভাবে দুর্নীতি হয়েছে, সেটি অনুসন্ধান করাই প্রকৃত সাংবাদিকতার কাজ।’
তিনি বলেন, একটি বড় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান থেকে শুরু করে যাদের দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব, তাদের অনেককেই দুর্নীতির সঙ্গে জড়িত পাওয়া যাচ্ছে। ফলে পুরো প্রক্রিয়াটি এমনভাবে গড়ে ওঠে, যেখানে সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া দুর্নীতি সম্ভব নয়। আগে একটি প্রকল্পে ২০-৩০ জন কাজ করলে তাদের মধ্যে কয়েকজনকে পাওয়া যেত, যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতেন বা সত্য প্রকাশ করতে চাইতেন। এখন দেখা যাচ্ছে প্রায় সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়ে উঠছেন।
অনুসন্ধানী সাংবাদিকতার আরেকটি বড় সংকট হিসেবে তিনি সাংবাদিকদের মধ্যকার আস্থাহীনতার বিষয়টিও তুলে ধরেন। বদরুদ্দোজা বাবু বলেন, অতীতে তিনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যেখানে গুরুত্বপূর্ণ নথিপত্রের উৎস সাংবাদিকদের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। কারণ, অনেক ক্ষেত্রে দেখা গেছে, তথ্য সংগ্রহের পর সংশ্লিষ্ট সাংবাদিক প্রতিবেদন প্রকাশ করেননি বা বিভিন্নভাবে প্রভাবিত হয়েছেন।
একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি এক সূত্র তাকে জানিয়েছেন যে, তিনি আর সাংবাদিকদের কাছে নথি দেন না। কারণ, অতীতে যাদের কাছে তথ্য দিয়েছেন, তাদের কেউ কেউ পরে নানা কারণে আর প্রতিবেদন প্রকাশ করেননি।
তার মতে, এই আস্থাহীনতা শুধু ব্যক্তিগত সাংবাদিকদের প্রতি নয়, বরং সামগ্রিকভাবে সাংবাদিকতা পেশার বিশ্বাসযোগ্যতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, সাংবাদিকদের প্রতি নয়, সাংবাদিকতার প্রতিই যখন মানুষের আস্থা কমে যায়, সেটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়।
- বিষয় :
- সাংবাদিকতা
- সংবাদপত্র
- মিডিয়া
- গণমাধ্যম
