ওয়ান ইলেভেনের নেপথ্যের মূলনায়ক ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ২১:৩৪
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ওয়ান ইলেভেন সরকারের সময় সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীসহ আরও বেশ কয়েকজনকে ‘ডি ফ্যাক্টো গভর্মেন্ট’ বলা হতো। পুরো সরকার একরকম তারাই চালাতেন। এ কারণে সে সময় সব অমানবিক ঘটনা ঘটেছে।
আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ওই সময় যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে, এর নেপথ্যে মূলনায়ক ছিলেন মাসুদ উদ্দিন। এ জন্য আমরা তাকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। যা তথ্য পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে আরও দুদিন সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়েছে। তাকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
তিনি আরও বলেন, ওয়ান ইলেভেনসহ ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সঙ্গে সাবেক এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে। জুলাই আন্দোলন দমনেও তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্তে এসব উঠে আসছে। প্রতিবেদন পেলে সব ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা যাবে। এ ছাড়া যেসব মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততা থাকবে, সেখানেই আমরা তাকে আসামি করব।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ দিন ধার্য করেন।
