ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শিশু মৃত্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এনসিপির মানববন্ধন 

শিশু মৃত্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এনসিপির মানববন্ধন 
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ২০:০৭

শিশু মৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং সারাদেশে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার তেজগাঁও জোন। 

বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে অনুষ্ঠিত ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। 

তিনি বলেন, দেশের শিশু মৃত্যুর হার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পারস্পরিক দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে বিভাগীয় তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরিফুল ইসলাম আদিব বলেন, সরকার বর্তমানে নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। সারাদেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। 

গাজীপুরে পাঁচজন হত্যার ঘটনা, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই এবং বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির বিস্তার জনমনে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সীমান্ত হত্যা প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর এই পরিস্থিতি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করে শিশু মৃত্যুর হার কমাতে হবে।

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মাহিন তালুকদার ও মো. ওহিদুজ্জামান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান ও তৌফিক নিয়াজসহ তেজগাঁও জোন এবং মহানগর উত্তরের অন্যান্য নেতারা।

এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। তাদের মধ্যে গুম প্রতিরোধ কমিশনের মোহাম্মদ কাইয়ুমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, কার্যকর টিকাদান ব্যবস্থা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন

×